ছিনতাইকারীদের বিপজ্জনক দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ সারা দেশে ছিনতাই-রাহাজানি বিপজ্জনক মাত্রায় বেড়ে চলেছে। মানুষ ছিনতাইকারীদের কবলে পড়ছে হেঁটে কিংবা রিকশায়, বাসে কিংবা ব্যক্তিগত গাড়িতে চলাচলের সময়; সকালে-দুপুরে-সন্ধ্যায়; জনাকীর্ণ কিংবা ফাঁকা রাস্তায়। বিপদের কথা হলো, ছিনতাইকারীরা এখন শুধু লোকজনের টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েই ভাগছে না, ছুরিকাঘাত করছে, এমনকি গুলি করতেও দ্বিধা করছে না।
গত রোববার দুপুরে ঢাকার উত্তরায় অস্ত্রধারী ছিনতাইকারীরা একটা চলন্ত প্রাইভেট কার থামিয়ে তার যাত্রী মা ও মেয়েকে গুলি করে ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়। পরদিন সোমবার সাভারে ছিনতাইকারীরা একটা চলন্ত বাস থামিয়ে তিন যাত্রীকে গুলি করে মোট ছয় লাখ টাকা ছিনতাই করে। মঙ্গলবার সকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় এক ব্যক্তি ছিনতাইকারীদের কবলে পড়ে ১২ লাখ টাকা খোয়ান; ছিনতাইকারীরা ফাঁকা গুলি করে তাঁর টাকা ছিনিয়ে নেয়। তার কিছু সময় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনের সড়কে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীকে থামিয়ে গুলি করে কয়েকজন ছিনতাইকারী। আর শুক্রবার রাজধানীর টিকাটুলীতে ছিনতাইকারীরা এক চলন্ত বাসের ভেতরে দুই মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকাপয়সা ছিনিয়ে নেয়। এ মাসের এক সপ্তাহেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় লোকজনের ছুরিকাহত ও গুলিবিদ্ধ হওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রথম আলোর ৮ ফেব্রুয়ারির এক প্রতিবেদন বলছে, গুলি করে ছিনতাই ও ডাকাতির ঘটনা বাড়ছে। এর অর্থ, এসব পেশাদার অপরাধীর কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আগের তুলনায় সহজলভ্য হয়ে উঠেছে এবং তাদের মধ্যে শাস্তির ভয়ও সম্ভবত কমে গেছে। এখন তারা ছিনতাই-ডাকাতির কাজে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে তথা হত্যার ঝুঁকি নিতেও দ্বিধা করছে না। তাদের এই প্রবণতা দেশবাসীর জন্য ভয়াবহ উদ্বেগজনক। পথেঘাটে টাকাপয়সা খোয়ানোর সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ বা ছুরিকাহত হয়ে প্রাণ হারানোর কিংবা অঙ্গপ্রত্যঙ্গ হারানোর ঝুঁকি বেড়ে চলেছে।
এ রকম উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হতে পেরেছে এ কারণে যে, ছিনতাই-ডাকাতির ঘটনা যত ঘটছে, সে তুলনায় অপরাধীদের গ্রেপ্তার, বিচার ও শাস্তির ঘটনা খুবই কম। বিচারহীনতার পরিবেশে সব অপরাধীর সাহস বেড়ে চলে। পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব আন্তরিকভাবে তৎপর থাকলে ছিনতাইকারীদের দৌরাত্ম্য এভাবে বেড়ে ওঠা সম্ভব ছিল না। এখন যখন এই অপরাধীরা বিপজ্জনকভাবে ধারালো অস্ত্রপাতি ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়িয়ে চলেছে, তখনো কি আমাদের বাহিনীগুলো তৎপর হবে না?