বিশেষ ট্রাইব্যুনাল ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারি মামলার প্রথম রায়ে চিক টেক্সের দুই পরিচালক মাসুকুর রসুল ও ইফতেখার মোহাম্মদকে চার বছর করে কারাদণ্ড ও ৩০ লাখ করে জরিমানা করার বিষয়টি সুড়ঙ্গের শেষে আলোর মতো। তবে এই রায় শেয়ারবাজারে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে পারবে কি না, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কষ্ট লাঘব হবে কি না, তা নির্ভর করছে রায়ের কার্যকারিতার ওপর।
অস্বীকার করার উপায় নেই যে ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির বিচার না হওয়ায় ২০১০ সালে ফের আরও বড় পরিসরে কেলেঙ্কারি হয়েছে এবং লাখ লাখ খুদে বিনিয়োগকারীকে পথে বসিয়েছে। দুই ঘটনায় যথাক্রমে অধ্যাপক আমীরুল ইসলাম চৌধুরী ও খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিটি বেশ কিছু সুপারিশ করে। সরকার সময়মতো সেগুলো আমলে নিলে শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতরা যেমন শাস্তি পেত, তেমনি পরবর্তী বিপর্যয় এড়ানো যেত। ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় ১৫টি মামলা করা হলেও এই প্রথম একটির রায় হলো, তা-ও আসামিরা বিদেশে পলাতক। অন্য মামলাগুলোর প্রক্রিয়া কেন এবং কাদের কারণে এগোতে পারল না? ইব্রাহিম খালেদ কমিটি শেয়ারবাজার কারসাজির বিষয়ে যে অধিকতর তদন্তের সুপারিশ করেছিল, তা-ও কার্যকর হয়নি। নির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলা না করা হলে আইনের ফাঁকফোকর দিয়ে অভিযুক্তদের বেরিয়ে যাওয়ার আশঙ্কাই বেশি।
দুজনের চার বছর করে কারাদণ্ডবিশেষ ট্রাইব্যুনালে যে কোম্পানির বিরুদ্ধে রায় হয়েছে, সেটির এখন অস্তিত্ব নেই। অভিযুক্তরাও বিদেশে পলাতক। কিন্তু শেয়ারবাজার কারসাজি করে তাঁরা যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, তা কোথায় আছে, খুঁজে বের করার দায়িত্ব সরকারেরই। তাঁদের সম্পত্তি অন্য কোনো কোম্পানিতে হস্তান্তর করা হয়ে থাকলে সেখান থেকেই ক্ষতিপূরণের অর্থ আদায় করতে হবে।
শেয়ারবাজার কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ১৫টি মামলা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একটি মামলার নিষ্পত্তি হতে সময় লেগেছে ১৯ বছর। বাকিগুলো কবে শেষ হবে?