ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি নিয়ে হামলাকারী যুবকের পরিচয় যা-ই হোক না কেন, এই ঘটনা বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাকে গুরুতর প্রশ্নের মুখে ফেলেছে। আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি স্পর্শকাতর জায়গায় এ ধরনের একটি ঘটনা ও একজন আনসার সদস্যের মর্মান্তিক মৃত্যুর বিষয়টি খুবই উদ্বেগজনক।
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার ঘাটতি আন্তর্জাতিকভাবে একটি আলোচিত বিষয়। যে কারণে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য বাংলাদেশ থেকে বিমানে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞাও আরোপ করেছিল। এই বাস্তবতায় এ ঘটনাটি যেন বিমানবন্দরের নিরাপত্তার ঘাটতি বা এর ফাঁকফোকরের বিষয়টিকেই তুলে ধরল। জঙ্গিদের তৎপরতা ও বেশ কিছু জঙ্গি হামলার ঘটনার পর দেশ যখন নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তখন এই ঘটনাকে একটি ধাক্কা হিসেবেই বিবেচনা করতে হচ্ছে।
বিমানবন্দরে ছুরি নিয়ে হামলাবিমানবন্দরে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর লোকজনের নানা ধরনের নজরদারি থাকে। এই অবস্থায় হামলাকারী যুবক ছুরি নিয়ে কীভাবে বিমানবন্দরের প্রবেশমুখের ড্রাইভওয়ে পর্যন্ত চলে এল, তা সত্যিই বিস্ময়কর। তল্লাশিচৌকি পার না হয়ে এখানে আসার সুযোগ নেই। যুবকটি প্রকাশ্যেই ছুরি হাতে নিয়ে ঘোরাঘুরি করছিল। প্রশ্ন হচ্ছে, সিসি ক্যামেরা বা অন্য নজরদারি কেন আগেভাগেই কাজে দিল না? কেন তার গতিবিধি কারও কাছে অস্বাভাবিক মনে হলো না?
একটি বিমানবন্দরের ব্যবস্থাপনা-কাঠামো কতটা দুর্বল ও সেকেলে, সেটাও এই ঘটনার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে। হামলাকারীর ছুরিকাঘাতে আহত ও মুমূর্ষু আনসার সদস্য সোহাগ আলীকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স তো দূরে থাক, একটি গাড়িও জোগাড় করা যায়নি। যাত্রীদের সহায়তায় সিএনজিচালিত একটি অটোরিকশা জোগাড় করে তাঁকে হাসপাতালে নিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসাসুবিধা আছে এমন একটি আধুনিক অ্যাম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া গেলে হয়তো তাঁকে বাঁচানো যেত। তা ছাড়া দেশের প্রধান বিমানবন্দরে সার্বক্ষণিক জরুরি চিকিৎসার ব্যবস্থা না থাকার কারণটি বোঝা গেল না।
বিমানবন্দর একটি বড় স্থাপনা ও বড় এলাকাজুড়ে এর বিস্তৃতি। যাত্রী আসা-যাওয়া ছাড়াও অসংখ্য লোক এখানে কর্মরত থাকেন। সেখানে যেকোনো দুর্ঘটনা ঘটাও অস্বাভাবিক নয়। আমরা বিস্ময়ের সঙ্গে দেখলাম, আহত আনসার সদস্যকে হাসপাতালে নেওয়ার সক্ষমতা বিমানবন্দরের ব্যবস্থাপনা–কাঠামোর মধ্যে নেই। বড় কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি তবে কোথায় গিয়ে দাঁড়াবে?
আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আমাদের টনক আর কবে নড়বে?