ছোটরা শেখাল, বড়রা শিখবেন কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোর খবরে বলা হয়, পরীক্ষামূলকভাবে গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় বছরব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। এটি সফল হলে পরবর্তী সময়ে অন্যান্য জেলা-উপজেলায়ও সম্প্রসারিত হবে। শিক্ষার্থীদের শেখানো হয়, সড়কের কোন পাশ দিয়ে হাঁটতে হবে, কখন ও কীভাবে সড়ক পার হতে হবে। আরও শেখানো হয়, লালবাতির সিগন্যাল অতিক্রম না করা, গাড়ি চালানোর সময় চালকের সঙ্গে কথা না বলা, হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানো ইত্যাদি।

আমাদের সড়ক ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল ও ত্রুটিপূর্ণ। কিন্তু এটাই দুর্ঘটনার একমাত্র কারণ নয়। জনসচেতনতার অভাবও সড়ক দুর্ঘটনার কারণ। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে পথচারীর সংখ্যাই বেশি; যাঁদের অনেকে জানেন না কীভাবে সড়ক পার হতে হবে কিংবা সড়কের কোন পাশ দিয়ে হাঁটতে হবে। 

বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ স্থানীয় জনগণের মধ্যেও সাড়া জাগিয়েছে। একজন অভিভাবক মন্তব্য করেছেন, ‘সাধারণত সড়কের বাঁ দিক দিয়ে হাঁটতে হবে বলে জেনে এসেছি। আমার সন্তানের কাছ থেকে জানতে পারলাম, সড়কে নিরাপদে চলতে হলে ডান দিক দিয়ে হাঁটতে হবে।’ আরেক অভিভাবক বলেছেন, ‘নিরাপদ সড়কের বিষয়ে সন্তানের কাছ থেকে শুনেছি।’ এতে বোঝা যায়, ছোটরাও বড়দের শেখাতে পারে। প্রশ্ন হলো বড়রা শিখবেন কি? 

আমরা মনে করি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মসূচিটি খুবই উৎসাহব্যঞ্জক। কেবল চারটি উপজেলায় এটি সীমিত না রেখে দেশের অন্যান্য অঞ্চলের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হলে তারা আরও বেশি মানুষকে সচেতন করতে পারবে এবং সড়ক দুর্ঘটনার হার কমানো সম্ভব হবে।