ঢাকার ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে চিকুনগুনিয়া। মশাবাহিত এই রোগে আক্রান্ত ব্যক্তিদের চরম এক শারীরিক যন্ত্রণার পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। ডেঙ্গু রোগের বাহক এডিস মশাই এই রোগের বাহক। ফলে এডিস মশা নিয়ন্ত্রণই এই রোগের ছড়িয়ে পড়া রোধের একমাত্র পথ। শুরুতে এই দিকে নজর দেওয়া হলে পরিস্থিতি বর্তমান আকার ধারণ করার কথা নয়। মশা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, সেই দুই সিটি করপোরেশন এই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য অনুযায়ী, এই রোগের কোনো নির্দিষ্ট প্রতিকার নেই। লক্ষণ দেখে চিকিৎসা ঠিক করা হয়। চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে কাঁপুনি দিয়ে জ্বর আসে আর প্রায়ই তা ১০৪-১০৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উঠে যায়। একই সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা, শরীরব্যথা এবং বিশেষ করে হাড়ের সংযোগে ব্যথা হয়। প্রাণঘাতী না হলেও এই রোগ একজন আক্রান্ত ব্যক্তিকে বিপর্যস্ত করে ফেলে। চিকিৎসকদের সূত্রে জানা যাচ্ছে, এই জ্বর ভালো হলেও আরও অন্তত দুই মাস ভোগান্তি পোহাতে হয়।
একমাত্র মশা নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেওয়ার মাধ্যমেই এ ধরনের একটি যন্ত্রণাদায়ক রোগের বিস্তার রোধ সম্ভব। এ ক্ষেত্রে ইতিমধ্যেই অনেক বিলম্ব হয়ে গেছে। শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে মশা নিধনে ১০ হাজার শিক্ষার্থীকে মাঠে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) ও দুই সিটি করপোরেশন এই কর্মসূচিতে সহায়তা করছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু দুই সিটি করপোরেশন কেন এত দিন নির্বিকার ভূমিকা পালন করল, সেই জবাবদিহিও আমরা চাইছি।
বর্ষাকাল সবে শুরু হয়েছে। এ সময়ে বাড়িঘরের ছাদে বা বারান্দার টবে পানি জমে। এর বাইরেও পুরোনো টায়ার, ভাঙা পাত্র এসব স্থানে জমা বর্ষার পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। এই পরিস্থিতি সামনে আরও কয়েক মাস অব্যাহত থাকবে। ফলে নাগরিক পর্যায়েও সতর্কতা জরুরি। এ ব্যাপারে প্রচার-প্রচারণা ও সচেতনতা সৃষ্টির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সতর্কতা হিসেবে মশার কামড় থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে। ঘরের বারান্দা, আঙিনা বা ছাদ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে থাকতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আমরা আশা করব, স্বাস্থ্য অধিদপ্তরের নেওয়া মশক নিধনের উদ্যোগ মশা নিধনের পাশাপাশি জনগণকে সচেতন করবে। একই সঙ্গে আমরা সিটি করপোরেশনের জোরালো ভূমিকা প্রত্যাশা করছি।