আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো জঙ্গি তৎপরতা দমনে একরকমের পারদর্শিতা দেখিয়ে চলেছে। গোয়েন্দা কৌশল ও সশস্ত্র অভিযান পরিচালনার মাধ্যমে তারা জঙ্গিদের সন্ত্রাসী হামলা পরিকল্পনার পর্যায়েই নস্যাৎ করেছে—এমন খবর আমরা অনেক পেয়েছি। সম্ভবত সেই কারণে এক বছরের বেশি সময় ধরে এ দেশে কোনো সন্ত্রাসী হামলা ঘটতে পারেনি। এটা স্বস্তিদায়ক। কিন্তু আমরা যদি জঙ্গিদের দ্বারা সংঘটিত গুরুতর অপরাধগুলোর বিচারপ্রক্রিয়ার দিকে তাকাই, তাহলে স্বস্তি থাকে না, বরং হতাশ হতে হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দক্ষতা ও আন্তরিকতা নিয়ে সংশয় জাগে।
অভিজিৎ রায়, নীলাদ্রি চট্টোপাধ্যায়, ফয়সল আরেফিন দীপন, নাজিম উদ্দিন, জুলহাজ মান্নান ও মাহবুব তনয়—এই ছয় ব্লগার, লেখক, প্রকাশক, অনলাইন অ্যাকটিভিস্ট ও অধিকারকর্মী একের পর এক জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। প্রথমজন
আড়াই বছর আগে এবং শেষের দুজন ১৪ মাস আগে। তাঁদের হত্যাকাণ্ডগুলো এ দেশের মানুষকে তো বটেই, আন্তর্জাতিক সম্প্রদায়কেও উদ্বিগ্ন করে তুলেছিল। কিন্তু হত্যাকারীদের বিচার করে শাস্তি দেওয়ার কাজটি মোটেও এগোয়নি। অভিজিৎ রায়ের প্রকৃত খুনিকে দীর্ঘ আড়াই বছরেও শনাক্ত করা হয়নি। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে যে আট ব্যক্তিকে আটক করা হয়েছে, তাদের ডিএনএর নমুনা হত্যাকাণ্ডের স্থান থেকে সংগৃহীত ১৩ ধরনের আলামতে পাওয়া ডিএনএর নমুনার সঙ্গে মেলেনি। অন্য মামলাগুলোরও তেমন অগ্রগতি নেই।
শনিবার প্রথমআলোয় প্রকাশিত এক প্রতিবেদনে এই হত্যা মামলাগুলোর তদন্তপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে। কোনো মামলার তদন্তই শেষ হয়নি। এই ছয় ব্যক্তির সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন ৪৩ জনের মধ্যে পুলিশ মাত্র ৭ জনকে গ্রেপ্তার
করতে পেরেছে। প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের হাত ছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তারা যখন এটা জানতে পেরেছে, তখন কেন মামলাগুলোর তদন্তকাজের অগ্রগতি হচ্ছে না, তা বোধগম্য নয়।
এ বিষয়ে অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায়ের ক্ষুব্ধ মন্তব্য হলো, পুলিশের তদন্ত বিভাগের মামলা তদন্ত করার ইচ্ছা নেই। এটা গুরুতর প্রতিক্রিয়া। এই হত্যাকাণ্ডগুলো নিছক ফৌজদারি অপরাধ নয়, এগুলোর সঙ্গে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের সম্পর্ক আছে। এসব চেতনার প্রতি সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রতিফলিত হবে এই হত্যাকাণ্ডগুলোর আইনি প্রতিকারের মাধ্যমে। তাই মামলার তদন্তকাজে আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিকতা সম্পর্কে কোনো প্রকার সংশয়ের সুযোগ রাখা চলবে না। সব মামলার তদন্ত দ্রুত শেষ করে হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।