ছয় ছাত্রীকে যৌন নিপীড়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি তঁার ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখেন। সে কারণেই শিক্ষকদের আরেক পরিচয় হচ্ছে মানুষ গড়ার কারিগর। কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা আমাদের বিস্মিত করার পাশাপাশি ক্ষুব্ধ করেছে। তিনি বিদ্যালয়ের ছয় ছাত্রীকে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছয় ছাত্রীর শিক্ষাজীবন এখন হুমকির মুখে। 

শনিবার প্রথম আলোর খবরে প্রকাশ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতি শুক্রবার কোচিং করানোর নামে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আলাদা ক্লাসে পড়ান। ওই শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছয় ছাত্রীকে একদিন তিনি একটি বিশেষ কক্ষে ডেকে নেন। সেখানে কম্পিউটার ক্লাস নেওয়ার কথা বলে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এরপর ধারাবাহিকভাবে তিনি ওই ছাত্রীদের সঙ্গে একই আচরণ করা শুরু করেন। একপর্যায়ে ওই ছাত্রীরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। ছাত্রীদের অভিভাবকেরা বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে অবহিত করেন। পরে এলাকায় জানাজানি হলে তিন ছাত্রী গ্রাম ছেড়ে আত্মীয়র বাড়িতে চলে যায়। শিক্ষাজীবনের শুরুতে অর্থাৎ প্রাথমিক স্কুল পর্যায়ে যদি শিক্ষার্থীরা এমন অভিজ্ঞতার মুখে পড়ে তবে তা তাদের স্বাভাবিক বেড়ে ওঠাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

যেখানে সিলেবাসের পাঠ্যসূচির বাইরে ছাত্রীদের নীতি-নৈতিকতার শিক্ষা দেওয়াও যাঁর কাজ, সেখানে তিনিই যখন এমন ঘৃণ্য কাজে জড়িয়ে পড়েন, তখন ছাত্রীদের অসহায়ত্বের বিষয়টি সহজেই অনুমেয়। অভিযুক্ত প্রধান শিক্ষক অবশ্য বলেছেন, তিনি এসবের কিছুই করেননি। সব তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। তা-ই যদি হবে, তাহলে নিপীড়নের শিকার এক ছাত্রীর অভিভাবককে কেন বিষয়টি মিটিয়ে ফেলার জন্য তিনি ৩০ হাজার টাকা দিতে চাইবেন? প্রধান শিক্ষক এবং ওই অভিভাবকের ফোনালাপের অডিও রেকর্ড থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি অবশ্য নতুন কোনো বিষয় নয়। প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি মাদ্রাসায়ও ঘটছে শিক্ষকের দ্বারা ছাত্রীদের যৌন হয়রানির ঘটনা। শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন রোধে উচ্চ আদালত ২০০৯ সালে একটি নির্দেশনা দিয়েছিলেন। সেখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও কমিটি গঠনের কথা বলা হয়েছে। এর পাশাপাশি রাষ্ট্রকেও যৌন নিপীড়নবিরোধী আইন প্রণয়ন করতে বলা হয়েছে। কিন্তু অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই এই নির্দেশনা পুরোপুরি কার্যকর করা হয়নি।

আমরা চাই আদালতের এই নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর করা হোক। দেশে যৌন নিপীড়নবিরোধী আইন প্রণয়ন করা হোক। আমরা গাংনীর ওই প্রধান শিক্ষকসহ যৌন নিপীড়নকারী সব শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।