সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) দেশে ছয়টি সংক্রামক রোগের প্রাদুর্ভাবের যে আশঙ্কা ব্যক্ত করেছে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জরুরি হয়ে পড়েছে। কেননা এই ছয় রোগেই মানুষ মারা যায়। এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় থেকে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত কতগুলো বিষয়ে গুরুত্ব আরোপ করা প্রয়োজন।
আইইডিসিআরের তরফে যে ছয়টি সংক্রামক রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা করা হয়েছে, সেগুলো হচ্ছে অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, নিপাহ, জলাতঙ্ক, জুনোটিক ইনফ্লুয়েঞ্জা ও জুনোটিক যক্ষ্মা। অন্যান্য আরও সংক্রামক রোগ থাকলেও এই ছয়টি রোগের সংক্রমণের ঝুঁকি বেশি। হঠাৎ কোনো এলাকায় এর কোনো একটি রোগের প্রকোপ দেখা দিতে পারে। এসব রোগের ওপর নজরদারি, রোগপ্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য আরও তহবিল বরাদ্দের কথা বলছেন বিজ্ঞানীরা। পৃথিবীর নানা দেশ এ ধরনের সংক্রামক রোগপ্রতিরোধে নানা পদক্ষেপ নিয়েছে। আমাদেরও একই ধরনের পদক্ষেপ নিতে হবে।
এসব রোগ যে বড় ধরনের জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে, তা সরকারকে অনুধাবন করতে হবে এবং প্রতিরোধের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে। এ জন্য তহবিল বা অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে। তবে সরকার শুরুতেই যে কাজটি করতে পারে তা হলো জনসচেতনতা বাড়ানো। কোন পশু ও পাখি থেকে কী কী রোগ মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে এবং কীভাবে সতর্কতা অবলম্বন করবে, এ ব্যাপারে বিস্তারিত তথ্য মানুষকে জানাতে হবে। সঠিক বার্তা দিয়ে গণমাধ্যমে ও স্থানীয়ভাবে প্রচার চালাতে হবে।
এ ছাড়া এসব রোগপ্রতিরোধের উপায় নিয়ে দেশের বিজ্ঞানীরা যাতে ব্যাপকভিত্তিক গবেষণা চালাতে পারেন, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে। রোগপ্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও ওষুধপথ্য সহজলভ্য করার উদ্যোগ নিতে হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রাণিসম্পদ, কৃষি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়কেও এই বিপদের ব্যাপারে সচেতন এবং একসঙ্গে কাজ করতে হবে।