না, আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছি না। বিচার চাইছি না জাতিসংঘের কাছে, বিশ্বনন্দিত কোনো মানবাধিকার সংগঠনের কাছে কিংবা বিশ্ববিবেক নামের কোনো অলীক অস্তিত্বের কাছে। সারা দিন কেটেছে বিভাগের পরীক্ষা নিয়ে, সহকর্মীর জন্মদিনে হাসি-আনন্দে, তারপর সমাজ-রূপান্তর অধ্যয়ন কেন্দ্রের আয়োজনে ড. স্বপন আদনানের সেমিনারে উপস্থিত থেকে, তারও পর আমার বন্ধু, হলজীবনের সাথি, ছাত্র ইউনিয়নের একসময়ের মিছিলে-স্লোগানে-গণসংগীতে প্রিয় সহযোদ্ধা ক্যামেলিয়া রহমানের অপরিণত মৃত্যুর খবরে ছুটে গিয়ে দেখা হয়ে যাওয়া একসময়ের কাছের বন্ধুদের মধ্যে ঘনিষ্ঠ দু-তিনজনকে সঙ্গে নিয়ে রাতে বাসায় ফেরার তুমুল ব্যস্ততার মধ্যে। এই সারাটা দিনের ভেতর আমি পত্রিকা দেখার সুযোগ পাইনি, পেলেও লাভ হতো কি না জানি না। বন্ধু-সহকর্মী রোবায়েত ফেরদৌস একবার ফোন করে বলেছিলেন বটে যে রামুতে বৌদ্ধদের ওপর নির্যাতনের প্রতিবাদে তিনি যাচ্ছেন প্রেসক্লাবের সামনের জমায়েতে অংশ নিতে। কিন্তু খুব যে মনোযোগ দিতে পেরেছি বলা যাবে না, কারণ, তখন ছুটছি ক্যামেলিয়ার মৃতদেহ যদি একবার দেখা যায়, সেই ব্যগ্রতায়। কিন্তু এই সারা দিনে আমাদের যাপিত জীবনের কোথাও কোনো ব্যত্যয় হয়েছে, মনে হয়নি। যদি হতো, তা হলে রামুতে ঘটে যাওয়া এই তাণ্ডবই তো হওয়ার কথা ছিল সব অস্তিত্বের, সব আয়োজনের, সব বান্ধব-সমাবেশের মূল আলোচনা। এই ঘটনা তো কাউকে স্বস্তিতে না থাকতে দেওয়ার মতোই খবর। বিক্ষোভে, সহমর্মিতায় ফেটে পড়ার কথা এই দেশের প্রতিটি মানুষের। কিন্তু আমার প্রতিবেশে আমি কোনো তাপ-উত্তাপ-আলোচনা শুনিনি। রাত ১১টারও পরে আমার এক বন্ধু আমাকে ফোন করে জানালেন বলেই পত্রিকা খুললাম, ফেসবুকে ঢুকলাম। হায়! এই দেশে যাঁরা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ নন, তাঁদের জীবন, সম্পদ, ধর্ম আর বিশ্বাসের ওপর যত বড় আঘাতই আসুক না কেন, যত বড় আগুনের শিখাই পুড়িয়ে দিক না কেন, তাঁদের জীবন-বসত-দেবতা যত অমূলক কারণেই হোক না কেন, তা আমাদের সুখী-সন্তুষ্ট জীবনে কোনো দাগ কাটে না। জনপরিসরে কোনো তরঙ্গ তোলে না। আমাদের অনিঃশেষ সুখী জীবন সুখেই থাকে। জগতের সকল প্রাণী সুখী হোক তথাগত!পত্রিকান্তরে যা দেখলাম, দেখলাম যা ব্লগে, ফেসবুকের ব্যক্তিগত ট্যাগে—যে আগুন, যে বেদনা, যে তাণ্ডব, যে ধ্বংস এবং তার যে কারণ, আমার চামড়া পুড়ে যাচ্ছে, ঘৃণার এই উৎসব দেখে। কত হাজার মানুষের মধ্যে কত কত বছর ধরে, কত বড় ঘৃণার নিত্য চাষাবাদ থাকলে কেবল কোনো এক উত্তম বড়ুয়ার ফেসবুকে অন্য কারও ট্যাগ করা কোনো ছবি বা বক্তব্যকে কেন্দ্র করে জ্বালিয়ে দেওয়া যেতে পারে সাতটি বৌদ্ধমন্দির, ১০টি বৌদ্ধ গ্রাম আর পূর্ব মেরাংগোলা জনপদ। যখন আগুন জ্বলেছে ‘সাদা চিং’, ‘লাল চিং’, চেরাংঘাটা বারাক্যং মন্দির, রামু মৈত্রী বিহার, রামি সিনা বিহার, জাদিপাড়া বৌদ্ধবিহার, ধূলিসাৎ করা হয়েছে নির্মাণাধীন ১০০ ফুট উঁচু বুদ্ধবিগ্রহ, তখন নিশ্চয়ই সুখী হয়েছেন ধর্মের ধ্বজাধারী সেই সব মানুষ, যাঁরা পুড়িয়েছেন এসব দেবালয়। যখন ১০টি বৌদ্ধ গ্রামে আর পূর্ব মেরাংগোলা জনপদে আগুন জ্বলেছে মানুষের হিংসার সমান উঁচু লেলিহান শিখা নিয়ে, তখন সেই হিংস্র মানুষেরা নিশ্চয়ই সুখী হয়েছেন। যে আগুন জ্বালানো শুরু হয়েছে রাত সাড়ে ১১টায় বৌদ্ধপাড়ায়, আহা নিশুতি গাঢ় ঘুমের সময়, রাত সাড়ে তিনটা পর্যন্ত আগুন লাগিয়ে সেই সব অতৃপ্ত মানুষ সুখী হয়েছেন নিশ্চয়ই? যাঁরা আগুন লাগিয়েছেন, বাংলাদেশের শাসনসীমার মধ্যেই তাঁরা বসবাস করেন এবং এই সীমার মধ্যে বসবাস করেও যেহেতু তাঁরা নির্বিঘ্নে আগুন লাগাতে পেরেছেন, আমরা ধরে নিতে পারি, তাঁরাই কেবল প্রকৃত অধিবাসী এ দেশের। তাঁদেরই কেবল ধর্ম পালনের অধিকার এ দেশে, তাঁদেরই কেবল অধিকার তাঁদের ধর্মবিশ্বাসে আঘাত দেওয়ার অজুহাতে উত্তম বড়ুয়ার ফেসবুকে অন্য কারও ট্যাগ করা কোনো মেসেজের কারণে জীবন-জনপদ-দেবালয়-দেবতাকে গুঁড়িয়ে দেওয়ার। তাঁদের অহং নিশ্চয়ই তৃপ্ত হয়েছে। তাই বলি, মৃত্যু-ধ্বংস-কান্না-লুট করেও যাঁরা বহাল তবিয়তে জানিয়ে দিতে পেরেছেন বাংলাদেশের বৌদ্ধ জনগোষ্ঠীকে, এর আগে সাতক্ষীরায়, হাটহাজারীতে হিন্দু জনগোষ্ঠীকে, নিশ্চয়ই তাঁরাই কেবল এ দেশের অধিবাসী। এ দেশের সুরক্ষা কেবল তাঁদের জন্যই। অন্যরা এসব মানুষকে সুখী করার প্রয়োজনীয় ক্ষয়ক্ষতি মাত্র। এইসব মানুষেরা সুখী হোক।আমি জানি না, যে ১০টি বৌদ্ধ গ্রামে আগুন লাগানো হলো, লুট করা হলো, কত মানুষ মারা গেলেন বুঝি জানা যাবে না কোনো দিন, সেই সব বৌদ্ধ জনপদের কতজনের বাড়িতে ফেসবুক আছে। জানি না, যাঁরা দফায় দফায় মিছিল করে আগুন লাগালেন, ধ্বংস করলেন, লুট করলেন, দেবতাকে তুচ্ছ করলেন, তাঁদের কতজনের বাড়িতে ফেসবুক আছে এবং তাঁদের কতজন সেই সব ফেসবুকে উত্তম বড়ুয়ার দেয়ালের ট্যাগ পড়েছিলেন! কিন্তু আগুন যে জ্বলল, মানুষের জীবন-জনপদ-বিশ্বাস-স্বপ্ন লুণ্ঠন হলো, গুঁড়িয়ে গেল—সে তো আমরা দেখলাম!! কোনো দিন কি জানতে পারা যাবে, কোন বেহেশতের লোভ দেখিয়ে এই মানুষগুলোকে উদ্দীপ্ত করেছে কে? যদি জানা না যায়, জানানোতে বাধ্য না করা যায়, তবে বুঝতে হবে এই আগুন লাগিয়েছি আমরা সবাই। শুধু রাষ্ট্রযন্ত্র নয়, শুধু ধর্মান্ধ রাজনীতি নয়, এ দায় আমাদের সবার।‘টাইরানি অব অ্যাপাথি’ বলে একটি কথা আছে। এই অ্যাপাথি এক দিনে তৈরি হয় না। সয়ে যেতে যেতে, সয়ে যাওয়ার রাজনীতিতে আমরা অভ্যস্ত হয়ে যাই। আলথুজার কথিত রাষ্ট্রীয় মতাদর্শিক হাতিয়ারগুলো আমাদের সয়ে যেতে শেখায়। এসব হাতিয়ার একই রাষ্ট্রের মধ্যে এক ধর্মের চেয়ে অন্য ধর্মকে গুরুত্বপূর্ণ করে তোলে। এক নৃগোষ্ঠীর মানুষের চেয়ে অন্য নৃগোষ্ঠীর, এক ধর্মের মানুষের চেয়ে অন্য ধর্মের মানুষকে হীনতর করে দেখার সংকেত সমাজে দাপটের সঙ্গে বজায় রাখে বলেই, আক্রান্ত বৌদ্ধ জনগোষ্ঠীর ওপর বা সাতক্ষীরার হিন্দু জনগোষ্ঠীর ওপর নিপীড়ন সত্ত্বেও নিপীড়নকারী দোষী সাব্যস্ত হন না। রাষ্ট্র বড়জোর তাদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই কর্তব্য সাধন করে। এবং এসব করা হয় তো সমাজের অনুভব কাঠামোকে ভোঁতা করে দেওয়ার মধ্য দিয়ে। টেলিভিশন চ্যানেলগুলোতে তন্নতন্ন করে খুঁজেও এই ঘটনার কোনো রেশ পাওয়া গেল না। কোনো টক শো হলো না। অর্থাৎ মূল ধারার জনপরিসরে ঘটনাটি গুরুত্বই পেল না। এটি শুধু ঘটনাটিকে গুরুত্বহীন করে ফেলার প্রক্রিয়া নয়, এটি অদৃশ্য বা অনুপস্থিত করে ফেলার প্রক্রিয়া।আমাদের দিন শেষে বাড়ি ফিরে তাই সিরিয়াল দেখায় কোনো সমস্যা হয়নি। শাহবাগে কোনো যানজট তৈরি হয়নি। টেলিভিশন চ্যানেলগুলোর কোনায় একরত্তি কালো কাপড়ের শোকচিহ্ন দেখা যায়নি। কোনো পত্রিকায় ‘বাংলাদেশ রুখিয়া দাঁড়াও’ মর্মে কোনো ব্যানার-শিরোনাম প্রকাশিত হয়নি। আসলে আমাদের কোনো অস্বস্তি তৈরি হয়নি। আমাদের কোনো ক্ষোভ নেই। বৌদ্ধ জনপদের ওপর নেমে আসা এই বর্বর ঘটনাযজ্ঞের প্রতিবাদে কেবল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদেরই একটি সমাবেশ হয়েছে বলে জাতি হিসেবে আমরা লজ্জিতও হইনি। আর যাঁরা একটু বেশি সংবেদনশীল বলে ভাবতে ভালোবাসি নিজেদের, বড়জোর ফেসবুককে শেষ ভরসা মেনে একটা স্ট্যাটাস দিয়েই সুখী হয়েছি, ভাতঘুমের রেশ না কাটিয়েও সেই স্ট্যাটাসটি দেওয়া সম্ভব। কেনই বা না? জগতের সকল প্রাণীরই সুখী হওয়ার অধিকার আছে। ঘরপোড়া হাজারো মানুষের প্রাণের আতঙ্ক আমাদের সুখকে টলাতে পারবে, সে ভরসা কম। রামু-উখিয়ার যে শিশুটির চোখের সামনে তার দেবতা-মন্দির ধূলিসাৎ হয়ে গেল, বাড়িঘর পুড়ে গেল, বাঁচার শেষ সম্বল লুট হয়ে গেল আর তাঁর নিরাপদ আশ্রয়ের প্রতীক মা-বাবার পরাজিত অসহায়ত্বই একমাত্র সত্য হয়ে উঠল তার জীবনে, তার ‘নিজ দেশে’, সেই শিশু আমাদের তৃপ্ত অস্তিত্বে এতটুকু চিড় ধরাতে পারেনি। র্যা ব-পুলিশ-মন্ত্রী-প্রশাসনের কাছে তাই আমার কোনো চাওয়া নেই।আসুন, আমরা কেবল আমাদের সুখকে নিশ্চিত করি। আমরাই সকল। জগতের ‘সকল’ প্রাণী সুখী হোক, আমাদের সুখ অক্ষয় হোক। কাবেরী গায়েন: শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।