বাংলাদেশ ও ভারতের সন্ত্রাসী-জঙ্গিগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠলেও বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বিতাড়িত করা ছাড়া এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনায় দুই দেশের গোয়েন্দা বিভাগের নড়েচড়ে বসাকে ইতিবাচক বলে প্রতীয়মান হয়।
ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) প্রতিনিধিদল ঢাকায় এসে তাদের প্রতিপক্ষের সঙ্গে আলোচনা ছাড়াও ১১ জন সন্দেহভাজন জঙ্গির তালিকা তুলে দিয়েছে। অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকেও ১০ জঙ্গি ও ৪১ সন্ত্রাসীর তালিকা দেওয়া হয়েছে, যাদের মধ্যে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও আছে। দুই দেশের মধ্যে সাধারণ মানুষের যাতায়াত কষ্টসাধ্য হলেও এসব জঙ্গি-সন্ত্রাসী অনায়াসে সীমান্ত পারাপার হয়ে থাকে। সীমান্তরক্ষীরা কথিত চোরাচালানিদের বিষয়ে জিরো টলারেন্স দেখালেও জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার কারণ অনুসন্ধান ও প্রতিকার জরুরি।
দ্বিতীয়ত, ভারতের পক্ষ থেকে জঙ্গিদের যে তালিকা দেওয়া হয়েছে, সেসব নাম বর্ধমানকাণ্ডের পরই সামনে এসেছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া তালিকাভুক্ত জঙ্গি ও সন্ত্রাসীরা অনেক আগেই ভারতে আশ্রয় নিয়েছে বলে খবর রয়েছে। এত দিন তাদের বিষয়ে বিএসএফ ও বিজিবির বৈঠকে রুটিনমাফিক আলোচনা ছাড়া কোনো তৎপরতাই লক্ষ করা যায়নি।
জঙ্গিবাদ-সন্ত্রাস বাংলাদেশ ও ভারত—উভয় দেশের জন্যই বিপজ্জনক। গত মঙ্গলবার বৈশ্বিক সন্ত্রাসবাদের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে বাংলাদেশের চেয়ে ভারত অনেক বেশি ঝুঁকিতে আছে। ঝুঁকির সূচকে বাংলাদেশের অবস্থান ২৩তম হলেও ভারতের অবস্থান ষষ্ঠ। সে ক্ষেত্রে কোথায়, কখন বোমা বিস্ফোরণ ঘটেছে, কোন দেশের কতজন নাগরিক ধরা পড়েছে, তার চেয়েও জরুরি হলো সন্ত্রাসীদের আস্তানা ও নেটওয়ার্কগুলো ভেঙে দিতে সর্বাত্মক ও সমন্বিত অভিযান চালানো। অন্যথায় জঙ্গি-সন্ত্রাসীদের এ তালিকা বিনিময় কোনো সুফল দেবে না।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এ ব্যাপারে জাতীয় ঐকমত্য আশা করা দুরূহ হলেও সরকারের কার্যক্রম সম্পর্কে জানার অধিকার নিশ্চয়ই জনগণের আছে।