জঙ্গি দমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কথা অনস্বীকার্য যে জঙ্গি দমনের বিষয়টি শুধুই প্রশাসনিক দিক থেকে বিচার্য নয়, এর রাজনৈতিক ও অন্যান্য কারণ রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের অন্যতম কারণ ছিল, তারা জঙ্গি দমনে ব্যর্থ হয়েছিল। তৎকালীন সরকারের কেউ কেউ রাজনৈতিকভাবে জঙ্গিদের প্রশ্রয় দিয়েছিল। অবশ্য বিলম্বে হলেও তারা বাংলা ভাইসহ শীর্ষস্থানীয় জঙ্গিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। কিন্তু সেটা তাদের ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধারে তেমন কাজে আসেনি।
বর্তমান আওয়ামী লীগ সরকারের ক্ষমতাসীন হওয়ার গোড়ার দিকের বছরগুলোতে জঙ্গি দমনে তারা মোটামুটি সাফল্য দেখিয়েছিল। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, তাদের সেই সাফল্য ধীরে ধীরে ম্লান হতে থাকে। বিশেষ করে গত তিন বছর যেখানে পুলিশের মহাপরিদর্শক নিজেই দাবি করেছেন যে ৩৭টি জঙ্গি হামলার মধ্যে তারা ৯০ ভাগের কারণ শনাক্ত করতে পারলেও বিচার হয়েছে মাত্র একটি ঘটনার, আর অভিযোগপত্র দাখিল করা সম্ভব হয়েছে আরও ছয়টির।
এটা গ্রহণযোগ্য নয় যে, পুলিশপ্রধান কেবল কারণ শনাক্ত করার ঘটনাকে তাঁদের মুখ্য সাফল্য হিসেবে দেখার প্রয়াস পেয়েছেন। তাঁর ওই দাবি বরং অনেকের কাছে পরিহাসমূলক মনে হতে পারে। কারণ, জঙ্গিগোষ্ঠীগুলো বহুলাংশে নিজেরাই অপরাধ সংঘটনের পরে তার দায়দায়িত্ব স্বীকার করেছে। জঙ্গিগোষ্ঠীগুলো যেসব ‘কারণ’ দাবি করেছে, তার সত্যতা বিষয়ে কেউ কেউ কখনো কখনো সন্দেহ-সংশয় প্রকাশ করেছেন। কিন্তু সেটা দূর করার ক্ষেত্রে পুলিশি তদন্তের সার্থকতা আছে বলে আমাদের জানা নেই। পুলিশপ্রধান যেদিন জঙ্গি দমনে তাঁদের সাফল্যের বয়ান দিচ্ছিলেন, সেদিনই সিঙ্গাপুরে ফের আট জঙ্গি আটক হয়েছে। গত বছর দেশটি আরও ২৭ জন সন্দেহভাজন ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে, যার ১৪ জন এখনো কারাগারে। কিন্তু তাদের কর্মকাণ্ড সম্পর্কে অভিযোগ গঠনের মতো কোনো তথ্যই এ পর্যন্ত বাংলাদেশের গোয়েন্দারা দিতে পারেননি।
তাহলে শুধু ৯০ ভাগ ‘কারণ’ শনাক্ত করার ভিত্তিতে পুলিশপ্রধানের সাফল্য প্রকাশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দেওয়া স্বাভাবিক। জঙ্গি হামলার ঘটনাগুলোতে জড়িত সন্দেহে ১৪৪ জনকে গ্রেপ্তার করার একটা পরিসংখ্যান আপাতদৃষ্টিতে সন্তোষজনক প্রতীয়মান হলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে নানামাত্রিক প্রশ্ন রয়েছে। সিঙ্গাপুর পুলিশ বরং সন্দেহভাজন ব্যক্তিদের আগাম গ্রেপ্তার করে প্রশংসা কুড়িয়েছে। আমরা তাদের ধন্যবাদ জানাই। বাংলাদেশ পুলিশের আত্মজিজ্ঞাসা দরকার।