দেশজুড়ে অব্যাহত জঙ্গি দমন তৎপরতার মধ্যেও বিভিন্ন স্থানে জঙ্গিদের গোপন ঘাঁটির অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এর অর্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর চলমান জঙ্গিবিরোধী তৎপরতা জঙ্গিবাদ দমনের জন্য যথেষ্ট নয়। বড় আশঙ্কার বিষয় হলো, জঙ্গিবাদী ভাবাদর্শ পরিবার পর্যন্ত বিস্তৃত হয়েছে, তারা নিজেদের বাসগৃহকেও জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহার করছে এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানসন্ততিসহ আত্মঘাতী কৌশল অবলম্বন করছে।
গত বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীর এক গ্রামের একটি বাড়িতে স্থানীয় পুলিশ যে অভিযান চালিয়েছে, তা থেকে ওপরে উল্লিখিত বিষয়গুলো স্পষ্ট হয়েছে। অভিযানে নিহত পাঁচ জঙ্গির চারজনই একই পরিবারের সদস্য: স্বামী সাজ্জাদ আলী (৫০), স্ত্রী বেলী আক্তার (৪৫) এবং তাঁদের ১৮ ও ১৭ বছর বয়সী এক ছেলে ও এক মেয়ে। নিহত পঞ্চম জঙ্গি একজন স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী এবং জঙ্গিগোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন বলে পুলিশ সূত্রে বলা হয়েছে। প্রত্যন্ত একটি গ্রামের একদম প্রান্তে, অন্যান্য ঘরবাড়ি থেকে দূরে ওই বাড়িটি গড়েই তোলা হয়েছিল জঙ্গি আস্তানা হিসেবে। অভিযানের পরে পুলিশ সেখান থেকে ১১টি বোমা, একটি পিস্তল, দুটি সুইসাইড ভেস্ট ও কিছু বিস্ফোরক উদ্ধার করেছে। সাজ্জাদ আলীর গোটা পরিবারের জঙ্গি হয়ে ওঠা এবং তাঁর বাড়িতে একজন প্রকৌশলী জঙ্গির অবস্থান আরও বড় চিত্রের আভাস দেয়। গোপনে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর নেটওয়ার্ক কতটা ব্যাপকভাবে বিস্তৃত, তা হয়তো আমাদের ধারণারও বাইরে রয়ে গেছে।
এই অভিযানের সবচেয়ে দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য দিক হলো জঙ্গিদের হাতে আবদুল মতিন নামের একজন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু। পুলিশ জঙ্গিবিরোধী অভিযানে ফায়ার সার্ভিসকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সে বাহিনীর সদস্যদের নিরাপত্তার বিষয়টি যে আমলেই নেয়নি, তা প্রমাণিত হয়েছে নিরস্ত্র আবদুল মতিনের নিহত হওয়ার প্রক্রিয়ায়। জঙ্গিরা দূর থেকে গুলি বা বোমা নিক্ষেপ করে তাঁকে হত্যা করেনি, পুলিশের চোখের সামনেই তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে
কুপিয়ে মেরেছে। আবদুল মতিনের এভাবে মৃত্যু অনিবার্য ছিল না, অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসতর্কতা এর জন্য দায়ী। আমরা এর আগেও দেখেছি জঙ্গিবিরোধী অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে মূলত অসতর্কতার কারণে। ভবিষ্যতে সব জঙ্গি দমন অভিযানে আরও সতর্কতার প্রয়োজন, নইলে এমন মৃত্যুর পুনরাবৃত্তি ঘটতে পারে।
জঙ্গি তৎপরতা সরকারের জন্য ক্রমেই আরও বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে। শুধু সশস্ত্র অভিযানের মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে না, জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক সামাজিক-সাংস্কৃতিক প্রতিরোধ সংগঠিত করতে হবে।