জঙ্গিদের নতুন আস্তানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশকোনার ঘটনায় অভিযানকারীদের পক্ষ থেকে আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে একজন নারী জঙ্গি শরীরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনাটি এক বিপজ্জনক ও ভয়াবহ প্রবণতার ইঙ্গিত তুলে ধরেছে। সবচেয়ে বেদনাদায়ক হলো একটি শিশুর বোমার আঘাতে গুরুতর আহত হওয়া। যে বয়সে শিশুদের মা–বাবার স্নেহের ছায়ায় হেসে-খেলে সময় কাটানোর কথা, সেই বয়সে তাকে জঙ্গি আস্তানায় আশ্রয় নিতে হয়েছে। জঙ্গিবাদের থাবা থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না!

অভিযান পরিচালনাকারীদের মতে, আশকোনার নিহত ও আত্মসমর্পণকারীরা এর আগে আজিমপুর ও নারায়ণগঞ্জের অভিযানে নিহত ব্যক্তিদের স্বজন। সে ক্ষেত্রে এই ধারণা অমূলক নয় যে জঙ্গিগোষ্ঠীর শিকড় অনেক গভীরে। নানা স্তরেই তারা কাজ করে থাকে। কেউ ধরা বা মারা পড়লে অন্যরা শূন্যস্থান পূরণ করে। হলি আর্টিজান ট্র্যাজেডির পর জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে ওঠা ও সরকারের কঠোর অবস্থানের ফলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও এই চক্র যে এখনো যথেষ্ট সক্রিয় রয়েছে, সেটা পরিষ্কার। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও তৎপরতার মাধ্যমে সমাজ থেকে এই শক্তিকে নির্মূল করা সম্ভব নয়। জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গড়ে তোলা যে জরুরি একটি বিষয়, সেদিকে সরকার আদৌ নজর দিচ্ছে না।

জঙ্গিবাদ কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। কিন্তু অন্যান্য দেশে এই সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের ওপরই জোর দেওয়া হয়, যেটি আমাদের এখানে প্রবলভাবে অনুপস্থিত। কোন অভিযানে কতজন জঙ্গি ‘নিহত’ বা ‘পাকড়াও’ হলো,
সেসব দিয়ে জঙ্গিবাদবিরোধী অভিযানের চূড়ান্ত সাফল্য বিচার করা যাবে না। জঙ্গিবাদ ন্যায়, মানবতা এমনকি ধর্মের মৌলনীতির বিরোধী। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান অভিযান সফল করতে হলে সমাজদেহে রোপিত এই বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলার বিকল্প নেই। তবে কাজটি করতে হবে জনগণকে আস্থায় নিয়ে ও জাতীয় ঐকমত্যের মাধ্যমে।