জঙ্গিবাদ নির্মূল অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের জঙ্গিবিরোধী অভিযানের সাফল্য অস্বীকার করা যাবে না। গত কয়েক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে হানা দিয়ে বেশ কিছু জঙ্গিকে পাকড়াও করেছে। সংঘর্ষে বহু জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি তাদের অনেক আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতা নীতিও দেশ-বিদেশে প্রশংসিত।

কিন্তু এসব সাফল্য সত্ত্বেও সরকারের জঙ্গিবিরোধী কার্যক্রমে যে নানা অসংগতি ও দুর্বলতা আছে, সেসবই উঠে এসেছে প্রথম আলোর তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনে। এ থেকে এটাই প্রমাণিত হয় যে জঙ্গিবিরোধী ‘সফল’ অভিযানের কৃতিত্ব নিতে সংশ্লিষ্টরা যতটা উৎসাহী, জঙ্গি মামলাগুলো পরিচালনার বিষয়ে ততটা আগ্রহী নন। যেকোনো অপরাধ দমনের পূর্বশর্ত হলো অপরাধীর শাস্তি নিশ্চিত করা। কিন্তু মামলার এজাহারের অসংগতি ও প্রক্রিয়াগত ত্রুটি ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় অনেক জঙ্গি বেকসুর খালাস পাচ্ছে। আবার অনেক দুর্ধর্ষ জঙ্গি জামিনও পেয়ে যাচ্ছে এবং বাইরে এসে তারা যেমন পুরোনো কাজে ফিরে যাচ্ছে, তেমনি অন্যদেরও দীক্ষিত করছে।

আইনানুযায়ী জঙ্গি মামলাগুলো দ্রুত নিষ্পত্তির কথা থাকলেও বছরের পর বছর ঝুলে থাকছে। দীর্ঘদিন কারাগারে বন্দী থাকার পর বাইরে এসেও তারা আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে না। অনেক সময় পরিবার ও সমাজও তাদের গ্রহণ করে না। এই অবস্থায় তাদের পুনরায় জঙ্গিবাদী তৎপরতায় শামিল হওয়ার আশঙ্কা থেকে যায়। বিশ্বের অনেক দেশের অভিজ্ঞতায় এটা পরিষ্কার যে জঙ্গিবাদ মোকাবিলার কাজটি সহজ নয়। এর সঙ্গে ধর্ম যুক্ত থাকায় মানুষকে সহজেই বিভ্রান্ত করা সম্ভব। ফলে জঙ্গি দমনে আইনগত উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরে ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে পাল্টা অবস্থান ও ধর্মের প্রকৃত শিক্ষা তুলে ধরার উদ্যোগ থাকতে হবে, যাতে কেউ জঙ্গিবাদীদের খপ্পরে না পড়েন। আর যারা এরই মধ্যে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে বা পড়বে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সংশোধনমূলক উদ্যোগও নিতে হবে। কারাগারে আটক অবস্থায় বা কারাভোগের সময় জঙ্গিদের নিবিড় পর্যবেক্ষণ ও পরিচর্যায় রেখে ডির‍্যাডিক্যালাইজেশনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে শাস্তি ভোগ বা কারাগার থেকে ছাড়া পাওয়ার পর নতুন করে জঙ্গিবাদে জড়ানোর বিষয়টি রোধ করা সম্ভব। ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ অনেক দেশে এ ধরনের কার্যক্রমের ফল পাওয়া গেছে। গত বছরের মার্চে ঢাকায় পুলিশপ্রধানদের সম্মেলনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক রোহান গুনারত্নেও কারাগারে ডির‍্যাডিক্যালাইজেশন বা জঙ্গি মতাদর্শ থেকে ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছিলেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এরপরও কারা কর্তৃপক্ষ এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।

জেলখানা থেকে ছাড়া পাওয়া জঙ্গিরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে জন্য পারিবারিক ও সামাজিক শুশ্রূষার পাশাপাশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার বিষয়টিও জরুরি। কিন্তু এ ব্যাপারেও সরকারের সমন্বিত বা দীর্ঘমেয়াদি কোনো নীতিকৌশল আছে বলে জানা যায় না। এ ক্ষেত্রে উত্তরাঞ্চলে কয়েকজন কিশোর বয়সী জঙ্গিকে পুনর্বাসনের জন্য র‍্যাবের উদ্যোগে পাঁচ লাখ টাকা করে এফডিআর করার দৃষ্টান্তটিকে বিচ্ছিন্ন হিসেবেই বিবেচনা করতে হবে। তাদের কেউ কেউ পড়াশোনাও করছে।

আমরা মনে করি, বিক্ষিপ্তভাবে নয়, জেলের ভেতরে ও বাইরে জঙ্গি পুনর্বাসনে সমন্বিত ও সুচিন্তিত কার্যক্রম নিতে হবে। বিচারের ক্ষেত্রে যেসব আইনগত ত্রুটি ও সমস্যা আছে, সেগুলো দূর করতে হবে। সর্বোপরি আমরা মনে করি, জঙ্গি নির্মূলে সফল অভিযানই যথেষ্ট নয়, সমাজ-মানসের যে অন্ধকার গুহায় জঙ্গিবাদ তৈরি হয়, তার শিকড়টি উপড়ে ফেলতে হবে।