বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার সংবাদ সম্মেলনে যে মন্তব্য করেছেন, তার বাস্তব ভিত্তি রয়েছে। জঙ্গিবাদীদের বিরুদ্ধে সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, তা নিশ্চিতভাবেই ফল দিয়েছে। তবে নিয়ন্ত্রণে আছে বলেই তারা মাথাচাড়া দিয়ে উঠবে না, তা জোর দিয়ে বলা কঠিন। ভিন্ন কৌশল ও রূপে তারা যে হাজির হয়, সেই নজির আমরা বিশ্বের বিভিন্ন স্থানে দেখতে পাই। ফলে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, জঙ্গিগোষ্ঠী সম্পর্কে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। ২১ এপ্রিল শ্রীলঙ্কায় যে কায়দায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল, তা পুরো বিশ্বকে স্তম্ভিত করেছে। প্রায় একই সময়ে তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলসহ আটটি স্থাপনায় এই হামলার ঘটনায় ২৫০ জনের বেশি নারী-পুরুষ ও শিশুর প্রাণ গেছে। এই হামলা ঘটনার সূত্রেই প্রধানমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন। আসলে এ ধরনের হামলার ঝুঁকি ও বিপদ থেকে এখন বিশ্বের কোনো দেশই মুক্ত নয়।
শ্রীলঙ্কার এই ঘটনার সঙ্গে দেশটির ন্যাশনাল তৌহিদ জামায়াত নামের একটি ছোট্ট সংগঠন জড়িত বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কার সরকারও তা–ই বলেছে। অন্যদিকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটও (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। ২০১৬ সালে বাংলাদেশে হোলি আর্টিজানে হামলার পরও আইএস দায় স্বীকার করে একই ধরনের বিবৃতি দিয়েছিল। যদিও বাংলাদেশ সরকার বরাবর বলে আসছে এখানকার জঙ্গিরা দেশেই তৈরি। এদের সঙ্গে বাইরের জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।
শ্রীলঙ্কায় জঙ্গিবাদীদের হামলার ঘটনা খুব স্বাভাবিকভাবেই এই অঞ্চলে তাদের তৎপরতা ও জোরালো উপস্থিতির বিষয়টিকে তুলে ধরছে। ২০১৬ সালে ঢাকার গুলশানে হোলি আর্টিজানে হামলার ঘটনা যখন ঘটে, তখন আইএসের প্রধান ঘাঁটি ছিল ইরাক ও সিরিয়ায়। তাদের সেই ঘাঁটি এখন নির্মূল হয়ে গেছে। অনেকেরই ধারণা, এই জঙ্গিরা এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। শ্রীলঙ্কার এই হামলার ঘটনাকে এসব বাস্তবতার আলোকে বিবেচনা করতে হবে।
কোনো দেশে জঙ্গিগোষ্ঠী নিষ্ক্রিয় হওয়ার অর্থ এই নয় যে তারা নির্মূল হয়ে গেছে। শ্রীলঙ্কায় সাম্প্রতিক হামলার আগে কেউ চিন্তা করতে পারেনি সেখানে এ রকম দুর্ধর্ষ জঙ্গিগোষ্ঠী থাকতে পারে। ধর্ম, জাতি কিংবা বর্ণবাদ—যে নামেই মানুষ হত্যা করা হোক না কেন, তার বিরুদ্ধে আমাদের একযোগে দাঁড়াতে হবে। জাগ্রত করতে হবে মানবতা বোধ। ২০১৬ সালে হোলি আর্টিজানে হামলার পর সরকারের জঙ্গিবিরোধী অভিযান অনেকটাই সফল। অনেক জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অনেক জঙ্গিকে পাকড়াও করা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশে জঙ্গিবিরোধী অভিযান চলবে। এর পাশাপাশি এই অপশক্তি সম্পর্কে গণসচেতনতামূলক কার্যক্রমও জারি রাখতে হবে, যাতে ধর্মীয় নেতা, মসজিদের ইমাম, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে সম্পৃক্ত করা যায়। বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না। আমরা এমন দৃষ্টান্তও দেখেছি যে, জঙ্গি সন্তানের লাশ গ্রহণেও মা–বাবা অনিচ্ছা প্রকাশ করেছেন।
ইতিমধ্যে যেসব জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সেগুলোর বিচারকাজ ত্বরান্বিত করার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। অনেক জঙ্গি জেলখানায় গিয়েও অন্যদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে বলেও অভিযোগ আছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের সতর্কতা জরুরি। অন্যদিকে জেল খেটে বা শাস্তি ভোগ করে যঁারা বের হয়ে এসেছেন, তাঁদের পুনর্বাসনের দিকেও বিশেষ জোর দিতে হবে। সমাজে এই প্রচার নিয়ত জারি রাখতে হবে যে জঙ্গিগোষ্ঠী ধর্মের নামে যা করছে, সেটি অধর্মের কাজ।
বাংলাদেশে জঙ্গিবাদ দমনে সাফল্য পেয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এই সাফল্য ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ।