গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান ট্র্যাজেডির পর সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে ওই অপশক্তির তৎপরতা অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে। এতে জনগণের মধ্যে যেমন স্বস্তি ফিরে এসেছে, তেমনি বিদেশিরাও আশ্বস্ত বোধ করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
প্রথম আলোর খবর অনুযায়ী, গত নয় সপ্তাহে রাজধানীতে পুলিশ ও র্যাব ৫২ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, এদের মধ্যে ৪০ জন নব্য জেএমবির ও দুজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এই সময়ে ঢাকা ও নারায়ণগঞ্জে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনটি অভিযানে নিহত হয়েছেন নব্য জেএমবি হিসেবে বিবেচিত ১৩ জঙ্গি, যাঁদের মধ্যে তামিম চৌধুরী ও মেজর (অব.) জাহিদুল ইসলামের মতো শীর্ষ পর্যায়ের জঙ্গিও রয়েছেন।
কিন্তু এই সাফল্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মতুষ্টির অবকাশ আছে বলে মনে হয় না। অভিযানে কয়েকজন শীর্ষস্থানীয় জঙ্গি মারা পড়ার পর এখন সরকারের উচিত হবে তাঁদের সহযোগী ও সহযাত্রীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা। গত ঈদুল ফিতরের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গিদের নাশকতার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। যদিও ওই ঘটনায় পুলিশ বাহিনীর দুজন সদস্য ও একজন গৃহবধূকে জীবন দিতে হয়েছে।
আসন্ন ঈদুল আজহার বিভিন্ন আয়োজনকে সামনে রেখেও কঠোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থা কাম্য। বিশেষ করে, ঈদের জামাতগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। আইনমন্ত্রী যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সন্তানদের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। এ ব্যাপারে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে সেটি জনসমক্ষে প্রকাশ করাই সমীচীন হবে।
সরকারের জঙ্গিবিরোধী অভিযানের সাফল্য স্বীকার করেও যে কথাটি বলা প্রয়োজন, তা হলো জঙ্গিবাদ নিছক আইনশৃঙ্খলাজনিত সমস্যা নয়। এই অভিযানের সাফল্য ধরে রাখতে হলে জনগণকে আস্থায় নিয়েই প্রতিটি পদক্ষেপ নিতে হবে।