জঙ্গিবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিরা যদি রাজধানীর কেন্দ্রস্থলে এসে বোমা হামলার প্রস্তুতি ও পরিকল্পনা নিতে পারে, তাহলে সরকারের জঙ্গিবিরোধী অভিযানের কার্যকর সাফল্য কিংবা জঙ্গিদের নিষ্ক্রিয় ও নিস্তেজ করার দাবি পুরোপুরি ধোপে টেকে না।

প্রথম আলোর খবর অনুযায়ী, জেএমবির ভেতর থেকে জন্ম নেওয়া নব্য জেএমবি নতুন কৌশলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বর্তমানে তারা আক্রমণের লক্ষ্যবস্তু পরিবর্তন করে জনসভাস্থল বা জনসমাগম হয়, এমন স্থানে আক্রমণের কৌশল নিয়েছে। বোঝা যাচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান তাদের পুরোপুরি নিষ্ক্রিয় করতে পারেনি। দেশের প্রায় সব রাজনৈতিক ও সামাজিক শক্তি জঙ্গিদের বিরুদ্ধে এককাট্টা থাকা সত্ত্বেও তারা সক্রিয় রয়েছে। ফলে এটা মানতেই হবে যে বর্তমান উদ্যোগ যথেষ্ট নয়। জঙ্গিবিরোধী অভিযানে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবের বিষয়টি একটি বহুল আলোচিত বিষয়।

এর পাশাপাশি বিচারিক দুর্বলতাও স্পষ্ট। যারা ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় একযোগে ৫০০ বোমা ফাটিয়েছিল, তাদের কারও কারও বিচার হলেও অনেকে জামিন নিয়ে বাইরে এসে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। অনেক মামলা বিচারাধীন। অন্যদিকে জেলখানায়ও জঙ্গিরা তৎপর। জেএমবি নিষিদ্ধ হয় ২০০৫ সালে। এর প্রায় এক দশক পর জন্ম নেওয়া নব্য জেএমবিকে এখনো নিষিদ্ধ করা হয়নি। অথচ এই সংগঠনটির নৃশংসতা অতীতের সব মাত্রা ছাড়িয়ে গেছে। স্বভাবতই প্রশ্ন উঠবে, সরকার নব্য জেএমবিকে নিষিদ্ধ করছে না কেন?

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জঙ্গিবাদ থেকে মুক্ত হতে হলে রাজনৈতিক ও সামাজিক জাগরণ প্রয়োজন। কিন্তু সরকার সেই কাজে কতটা মনোযোগী, সে বিষয়ে পুরোপুরি সন্দেহমুক্ত হওয়া যাচ্ছে না। সরকারকে বুঝতে হবে, সমস্যাটি নিছক আইনশৃঙ্খলাজনিত নয়। দেশ থেকে জঙ্গিবাদকে নির্মূল করতে হলে এর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান ও সামাজিক জাগরণের বিকল্প নেই।