জঙ্গিবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ২০১৮ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসবাদীদের তৎপরতা ও হামলার ঘটনা কমেছে। এটা আমাদের জন্য স্বস্তির বিষয়; কেননা, একই সময়ে আন্তর্জাতিক পরিসরে যখন সন্ত্রাসবাদী তৎপরতা কমেনি। বৈশ্বিক সন্ত্রাসবাদের তালিকার শীর্ষে আছে আফগানিস্তান। দেশটিতে ওই সময়ে ১ হাজার ২৯৪টি হামলার ঘটনা ঘটেছে, নিহত হয়েছে ৯ হাজার ৯৬১ জন। এরপর সিরিয়া, ইরাক, ভারত, নাইজেরিয়া, সোমালিয়া, ফিলিপাইন ও পাকিস্তানের অবস্থান। সিরিয়া, ইরাক অনেক দূরের দেশ হলেও পাকিস্তান ও ভারত কাছের দেশ। এই দুটি দেশে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা বাড়লে তার প্রভাব আমাদের দেশেও অনুভূত হয়।

মার্কিন প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গিবিরোধী অভিযানের প্রশংসা করে বলা হয়, সরকার জঙ্গিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ অব্যাহত রেখেছে। বাংলাদেশ যে জঙ্গি দমনে সফল—এটি শুধু মার্কিন প্রতিবেদন নয়, দেশি-বিদেশি অনেক গবেষণায় উঠে এসেছে। কোনো কোনো দেশ বাংলাদেশের জঙ্গিবিরোধী কার্যক্রমকে ‘রোল মডেল’ হিসেবেও অভিহিত করেছে।

জঙ্গিদের গ্রেপ্তার করে বিচার ও শাস্তি নিশ্চিত করতে প্রতিবেদনে যেসব প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে, সেগুলোর একটি হলো বিচারিক প্রক্রিয়ায় দুর্বলতা ও দীর্ঘসূত্রতা। এ কারণে অনেক জঙ্গিই শাস্তির বাইরে থেকে যাচ্ছে। স্বীকার করতে হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের ধরতে কিংবা তাদের আস্তানা গুঁড়িয়ে দিতে যতটা সফল হয়েছে, অভিযুক্তদের শাস্তি দিতে ততটা কৃতিত্ব দেখাতে পারেনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার অভিযোগপত্র পেশ করতে সর্বোচ্চ ৭ বছর সময় লাগে এবং ২০ শতাংশের কম অভিযুক্ত ব্যক্তি শাস্তি পাচ্ছে। এর অর্থ ৮০ শতাংশের বেশি অভিযুক্ত ব্যক্তি শাস্তির বাইরে থেকে যাচ্ছে। সাধারণ মামলার ক্ষেত্রেও দেখা যায়, বেশির ভাগ অভিযুক্ত শাস্তি পায় না। এটি আমাদের আইন ও বিচারব্যবস্থার বড় দুর্বলতা। জঙ্গি মামলার ক্ষেত্রে এই দুর্বলতা আরও বেশি উদ্বেগ তৈরি করে এ কারণে যে, জামিন বা খালাস পাওয়া জঙ্গিরা জেলের বাইরে এসে আবারও নিজেদের পুনরায় সংগঠিত করে। এ জন্য বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত ও ত্রুটিমুক্ত করতে হবে।

আইনমন্ত্রী আনিসুল হক জঙ্গিবিরোধী অভিযানকালে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিদের ‘বিচারবহির্ভূত হত্যা’ বলতে নারাজ। এ প্রসঙ্গে তিনি আইএস নেতা আবু বকর আল–বাগদাদির উদাহরণ টেনেছেন। লক্ষ করা প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্র আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন, আয়মান আল জাওয়াহিরি এবং সর্বশেষ আইএস নেতা আবু বকর আল–বাগদাদিকে হত্যা করে সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে জঙ্গিবাদ দমন করতে পারেনি। কিন্তু বাংলাদেশ পেরেছে। আমরা যদি শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের মতো দুর্ধর্ষ জঙ্গিকে ধরে বিচার করতে পারি, তাহলে দ্বিতীয় বা তৃতীয় সারির জঙ্গিদের কেন পাকড়াও করে বিচারে সোপর্দ করতে পারব না?

শুধু বল প্রয়োগ করে জঙ্গিদের দমন করা যাবে না। বাংলাদেশের মানুষ যে সব ধরনের সন্ত্রাসবাদী তৎপরতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। হোলি আর্টিজানের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে শ্রেণি-পেশার মানুষ এককাতারে এসে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সফল হওয়ার অন্যতম কারণ আমাদের সমাজে জঙ্গিদের কোনো স্থান নেই; তারা প্রত্যাখ্যাত। সমাজের এই প্রত্যাখ্যান জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে সহায়ক। তবে যেহেতু পৃথিবীর সব দেশেই স্থানীয় জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের কমবেশি যোগাযোগ থাকে, বাংলাদেশেও তা থাকা অসম্ভব নয়। অতীতের বিভিন্ন জঙ্গি হামলায় বিদেশ থেকে আসা অস্ত্র ও অর্থের ব্যবহার হয়েছে এমন কথা বলা হয়। বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও হামলার ঘটনা কমেছে, এর অর্থ এই নয় যে তারা পুরোপুরি নিষ্ক্রিয় হয়েছে, বরং গোপনে তাদের তৎপরতা অব্যাহত আছে। সুতরাং সতর্ক থাকতে হবে, যেন তারা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।