জঙ্গিবিরোধী জোরদার অভিযানের ফলে ধরা পড়া জঙ্গিরা যদি সহজেই আইনের ফাঁক গলিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ পায়, তবে তাকে কার্যত পণ্ডশ্রম হিসেবেই বিবেচনা করতে হবে। গত ছয় মাসে সন্দেহভাজন ১৪৮ জঙ্গির জামিনে মুক্তির বিষয়টি খুবই উদ্বেগজনক। আইনের কোন ফাঁকফোকর ব্যবহার করে তারা জামিন পাচ্ছে এবং সেগুলো কোথায় ও কী কী, তা চিহ্নিত করা খুবই জরুরি হয়ে পড়েছে। কারণ, জামিনে মুক্তি পাওয়া জঙ্গিদের পুনরায় ভয়াবহ অপকর্মে জড়িত হয়ে পড়ার উদাহরণ রয়েছে।
পুলিশের তরফে জঙ্গিদের জামিনে মুক্তির ব্যাপারে বিপদের আশঙ্কা করা হচ্ছে। তারা বলছে, জামিনে মুক্তি পাওয়া এত জঙ্গিকে মুক্ত অবস্থায় নজরদারি করা খুবই কঠিন। প্রশ্ন হচ্ছে, এই সন্দেহভাজন জঙ্গিরা এত সহজে জামিন পাচ্ছে কী করে। এ ক্ষেত্রে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায় এড়াতে পারে না। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন জঙ্গিদের ব্যাপারে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ হাজির করা ও তাদের বিরুদ্ধে চার্জশিট আদালতে উপস্থাপন করা পুলিশের দায়িত্ব। এ ক্ষেত্রে বিলম্বের কারণেই আটক থাকার একটি পর্যায়ে এসব সন্দেহভাজন জঙ্গি জামিন পেয়ে যাচ্ছে।
জামিন পাওয়ার অধিকার সাধারণভাবে সবার রয়েছে এবং এর সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করার সম্পর্ক রয়েছে। কিন্তু সমাজের জন্য যারা বিপজ্জনক হিসেবে বিবেচিত, তাদের ক্ষেত্রে তা কার্যকর নয়। ফলে পুলিশ বা তদন্তকারীদের পক্ষ থেকে আদালতে যদি এটা প্রমাণ করা সম্ভব হতো যে অভিযুক্ত ব্যক্তিরা দুর্ধর্ষ এবং সমাজের জন্য বিপজ্জনক, তাহলে তাদের জামিন পাওয়ার কথা নয়।
বিচার–প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, যথাসময়ে চার্জশিট দিতে না পারা, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ হাজির করতে না পারা ইত্যাদি কারণে তাদের জামিন পাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এ ক্ষেত্রে রাষ্ট্রপক্ষেরও বড় দায় রয়েছে। বোঝা যায় আদালতে জামিনের আবেদনের বিরুদ্ধে জোরালো ও যুক্তিগ্রাহ্য বিরোধিতা করতে সরকারি আইনজীবীরা ব্যর্থ হয়েছেন।
আমরা দেখেছি গত বছরের জুলাইয়ে হলি আর্টিজানে হামলার ঘটনার পর সরকার জঙ্গিবিরোধী তৎপরতা জোরদার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক জঙ্গি আস্তানা খুঁজে বের করে অভিযান চালিয়েছে। অনেক জঙ্গি নিহত হয়েছে, অনেকে আটক হয়েছে। আটক ব্যক্তিদের জামিনে বের হয়ে যাওয়ার অর্থ নতুন করে ঝুঁকি তৈরি হওয়া।
অভিযুক্ত ও সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে যথাসময়ে অভিযোগপত্র দাখিল, সাক্ষ্যপ্রমাণ হাজির ও দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়টি তাই খুবই জরুরি। আমরা এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রপক্ষ তথা সরকারি আইনজীবীদের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছি।