জনগণকে আমলে নেওয়ার কেউ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান অঞ্চল থেকে শুরু করে সারা দেশের বাস-ট্রাক চলাচল কার্যত ৪ জানুয়ারি থেকেই বন্ধ হয়ে যায়। ঠিক সেই দিনই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় দীর্ঘ সময় অচল থাকে রাজধানীর অনেক এলাকার রাজপথ। ৫ জানুয়ারি পর্যন্ত পুলিশ ও ছাত্রলীগের রাজপথের দখল জারি রাখার মহড়ায় আতঙ্কিত থাকে রাজধানীসহ দেশের অনেক এলাকা। অন্যদিকে সরকারি চাপে পরিবহনব্যবস্থা অকেজো হয়ে পড়ে। বিএনপির নেতৃত্বে ২০-দলীয় জোটের কর্মীরাও জনগণের শান্তিভঙ্গ করেন।

সংঘাত-সহিংসতা ও পরস্পরকে অবরোধ করার এই মধ্যযুগীয় কর্মসূচিতে আসলে অবরুদ্ধ হয়ে পড়ে জনগণ। যাঁদের কাজের জন্য বাইরে বেরোতেই হয়, যাঁদের দিনমজুরি করতে হয়, যাঁদের বৈদেশিক লেনদেন-আমদানি-রপ্তানি বন্ধ করার উপায় থাকে না; তাঁদের কথা কি নেতা–নেত্রীরা চিন্তা করেন? বছরের শুরুতেই শিক্ষা কার্যক্রমে ছেদ পড়ার জের বছরজুড়ে যাদের দিতে হবে, সেই সব শিক্ষক-শিক্ষার্থীদের অপরাধ কি? মঙ্গলবারের প্রথম আলোয় দেশের বিভিন্ন স্থানে যাত্রীদের আটকে পড়ার চিত্র ছাপা হয়েছে। কতজনের কত জরুরি ও জীবনের জন্য গুরুত্বপূর্ণ কাজ যে স্থগিত হলো বা বিফল হলো, তার কোনো খতিয়ান করা সম্ভব নয়। তবে অর্থনীতির ক্ষতির চিত্রটা একটি খবর থেকেই অনুমান করা যায়: দেশের বিভিন্ন স্থান থেকে কারওয়ান বাজারের সবজির আড়তে সবজি আসেনি; যা-ও এসেছিল, তা-ও অবিক্রীত হয়ে নষ্ট হচ্ছে। আমদানি-রপ্তানির স্বাভাবিক প্রবাহও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজনৈতিক দুর্যোগে জীবনের গতি, অর্থনীতির চলন, মানুষের চলাচল বন্ধ করার অধিকার কারোরই নেই। এ ধরনের রাজনৈতিক দায়িত্বহীনতার অবসান হওয়া দরকার।