জনগণকে এ ভোগান্তিতে ফেলা কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে স্বীকৃতির জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট থাকাটা বাধ্যতামূলক। এসব নথিপত্র পেতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। এরপর যাচাই–বাছাইয়ের পর সেই নথিপত্র সহজেই মেলার কথা। কিন্তু বাস্তবে ঘটে এর উল্টোটা। ভোগান্তি আর হয়রানির কোনো শেষ নেই। বিশেষ করে জন্মসনদের ক্ষেত্রে যে পরিমাণ ভোগান্তি পোহাতে হয়, তা যে কারও জন্য রীতিমতো আতঙ্কের বিষয়। ২০০১ সালে কার্যক্রম শুরুর পর ২০ বছর পার হয়ে গেলেও একটি কার্যকর জন্মনিবন্ধন ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, চাকরিতে নিয়োগ, ব্যাংক হিসাব খোলা, গ্যাস-পানি-টেলিফোন-বিদ্যুতের সংযোগ, ট্রেড লাইসেন্স, জমির নিবন্ধনসহ ১৬টি মৌলিক সেবা পেতে জন্মনিবন্ধন সনদ লাগে। কিন্তু নাগরিক সেবা সহজ করার জন্য যে জন্মসনদ, সেটি পেতেই সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতে হয় মানুষকে। আবার যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর, তাদের সনদ পেতে হলে মা-বাবার জন্মসনদ থাকা বাধ্যতামূলক। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সেটি করতে গিয়ে আরও বেশি ভোগান্তিতে পড়ছে মানুষ। কারণ, ২০১১ সালের আগে করা সনদগুলো বাতিল হয়ে গেছে। এখন সন্তানের সনদ করতে স্বামী-স্ত্রী দুজনকেই নতুন করে সনদ নিতে দৌড়াতে হচ্ছে কাউকে গ্রামে, কাউকে শহরে। অথচ গোটা কার্যক্রমটি ডিজিটাল করা হয়েছে, এর জন্য লোকবলকে প্রশিক্ষিত করা হয়েছে, দেওয়া হয়েছে সরকারি বরাদ্দও। কিন্তু সার্ভারে তথ্য হালনাগাদ করা হয়নি। এখন আগের সনদ বাতিলের দায় কেন জনগণকে নিতে হবে।

একবার করা জন্মনিবন্ধন দিয়ে অনেকেই পাসপোর্ট ইস্যু, ড্রাইভিং লাইসেন্স ও জমি রেজিস্ট্রেশনের মতো কাজ সেরে ফেলেছেন। এখন তঁাদেরও সন্তানের স্কুল ভর্তি বা অন্য কোনো নাগরিক সেবা পেতে আবারও নতুন করে জন্মসনদের জন্য দৌড়াতে হচ্ছে। বলা যায়, একটি জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় পরিচয়পত্রে বিস্তারিত বা যাবতীয় তথ্য নথিভুক্ত থাকার পরও সেসব তথ্য আবারও প্রমাণ করতে হয় জন্মসনদ পেতে। পদে পদে এমন জটিলতা তৈরি করে রাখার মানে কী? যাঁর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট রয়েছে, তাঁর কেন জন্মসনদ লাগবে? জন্মসনদের জন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর চাওয়া হয়, কিন্তু জন্ম ও মৃত্যুনিবন্ধন কর্তৃপক্ষের তা যাচাই করার সুযোগ নেই। প্রথম আলোর প্রতিবেদক এ বিষয়ে বলেছেন, যেকোনো কাজে ব্যাংকগুলো জাতীয় পরিচয়পত্রের নম্বর ধরে গ্রাহকের তথ্য যাচাই করতে পারে। ব্যাংকগুলোর সেই সুযোগ থাকলে জন্ম ও মৃত্যুনিবন্ধন কর্তৃপক্ষ কেন পারবে না। বোঝাই যাচ্ছে, সরকারি কর্তৃপক্ষগুলোর মধ্যে কোনো ধরনের সমন্বয় নেই।

জন্মসনদ পেতে বা সামান্য একটি অক্ষর সংশোধনীর জন্যও কেন জনগণকে বারবার নিবন্ধকের কার্যালয়, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা বা উপজেলা প্রশাসনের অফিসে দৌড়াতে হবে? অনলাইনে সব তথ্য পূরণ করে বা সংশোধনী দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্ভুল সনদ কেন পাওয়া যাবে না? ওয়ান–স্টপ সার্ভিসের মাধ্যমে সনদপ্রাপ্তি নিশ্চিত করা হোক। প্রয়োজনে একবার ডেকে নিয়ে তথ্য যাচাই করে নিলেই বিষয়টি সহজ হয়ে যায়। অবস্থাদৃষ্টে এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে কর্তৃপক্ষ যেন ইচ্ছা করেই পুরো প্রক্রিয়াটি জটিল ও হয়রানিমূলক করে রেখেছে, যা দুর্নীতির সুযোগ তৈরি করেছে। পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র যঁাদের আছে, সরকারি বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে জন্মসনদের বাধ্যবাধকতা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যায়। আমরা মনে করি, জনগণের মাত্রাছাড়া দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যাপারে সরকারের নীতিনির্ধারকদের জরুরি হস্তক্ষেপ দরকার।