জনজীবনে আর্থিক চাপ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি গ্যাসের দাম এক দফা বাড়ানোর পর নয় মাস না পেরোতেই বিতরণ কোম্পানিগুলো আবার তা বাড়ানোর যে প্রস্তাব করেছে, তা সুবিবেচনাপ্রসূত নয়। আর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাদের দেওয়া বর্ধিত দামের প্রস্তাব দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে, এ বিষয়ে তারা চলতি মাসেই গণশুনানির আয়োজন করতে যাচ্ছে—এই খবরও হতাশাব্যঞ্জক।
এর আগে গ্যাস বিতরণ কোম্পানিগুলো ২০১৫ সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব করেছিল, তার পরিপ্রেক্ষিতে দাম বাড়ানো হয়েছে ওই বছরেরই ১ সেপ্টেম্বর থেকে। এ বছরের এপ্রিলে তারা আবার দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিইআরসি আইন ২০০৩-এ বলা আছে, কোনো সংস্থা এক বছরের মধ্যে একবারের বেশি দাম বাড়ানোর প্রস্তাব করতে পারবে না। যদিও তারা এক বছর পরেই প্রস্তাব করেছে, তবু তা দ্রুত বাস্তবায়িত হলে এক বছর পেরোনোর আগেই দাম বাড়ানো হবে।
গত বছরের ১ সেপ্টেম্বর থেকে দুই চুলার গ্যাসের দাম ৪৫০ থেকে বাড়িয়ে ৬৫০ টাকা ও এক চুলা ৪০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। এখন দুই চুলা প্রায় দ্বিগুণ বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা ও এক চুলা ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সিএনজির দামও প্রতি ঘনমিটার ৩৫ থেকে বাড়িয়ে ৫৮ টাকা করার প্রস্তাব এসেছে। গৃহস্থালি জ্বালানি ও অটোরিকশা ছাড়া অন্যান্য ক্ষেত্রেও ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এত অল্প সময়ের ব্যবধানে এত উচ্চহারে দাম বাড়ানো উচিত হবে না। জ্বালানি গ্যাস জনগণের সম্পদ। এর সঙ্গে জনসাধারণের জীবনযাত্রার মান ও জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এই জ্বালানির দাম দফায় দফায় খেয়ালখুশিমতো বাড়ানোর প্রস্তাবে জনস্বার্থ অগ্রাহ্য করার প্রবণতার প্রতিফলন ঘটে। দাম বাড়ালে জনজীবনে আর্থিক চাপ বাড়বে। দাম না বাড়িয়ে অপচয়, চুরি, দুর্নীতি বন্ধ করা, মিটার ব্যবস্থা চালু করাসহ সার্বিক ব্যবস্থাপনা উন্নত করার দিকে মনোযোগী হওয়া উচিত।