জনতার নীরব অ্যাকশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতার অ্যাকশন শুরু হয়ে গেছে। যে কানসাট-শিবগঞ্জকে জামায়াত-শিবির পুড়িয়ে ছারখার করেছিল, সেই এলাকা থেকেই ঘোষণা আসছে: যেখানেই সহিংসতা, সেখানেই প্রতিরোধ। ডাক দিয়েছেন কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা সেই গোলাম রব্বানী। ছত্রজিৎপুরে দাঁড়িয়ে পড়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্দলীয় ইউপি সদস্য নেছাউর রহমান। বয়সী মুরব্বি ও শিক্ষকেরা আছেন সামনের সারিতে। রাজনৈতিক নেতারা যখন দিশা দেখাতে ব্যর্থ হচ্ছেন, ভরসা জাগাতে দেরি করছেন, তখন সামাজিক নেতারা দায়িত্ব নিচ্ছেন; এটা খুবই আশার কথা। বাংলাদেশের আর কিছু না থাকুক, জনগণ আছে। শাহবাগের ‘জয় জনতা’ স্লোগান বৃথা যায়নি। যে উদ্যোগ নেওয়ার দায়িত্ব জাতীয় নেতাদের, স্থানীয় নেতারা সেই কাজ করে বুঝিয়ে দিয়েছেন, তলার মানুষ দায়িত্ব নিতে জানে। শনিবার রাতে গোলাম রব্বানীর বাড়ির সামনে পাঁচ শতাধিক মানুষের এক সভা বসে। এলাকার ময়মুরব্বি থেকে শুরু করে, সব দলের স্থানীয় নেতারা ছিলেন। তরুণেরাও বাদ যাননি। আসলে সেটা ছিল জনতার কাঠগড়া। সেই কাঠগড়ায় সব দলের রাজনৈতিক নেতাদের জবাবদিহি করতে হয়েছে যে তাঁরা কী করছেন। স্থানীয় জামায়াতের নেতা বলতে বাধ্য হয়েছেন, তাঁরা আর সহিংসতা করবেন না—কথাটায় যদিও বিশ্বাস রাখা কঠিন। যা হোক, পরদিন এলাকায় আর কোনো অশান্তি হয়নি। কেবল অনাকাঙ্ক্ষিত মৃত্যুর শোক ভুলতে পারছেন না স্বজনেরা। যারা সাধারণ মানুষকে উসকে দিয়ে থানা-পুলিশ-বিদ্যুৎকেন্দ্র-সরকারি দপ্তরে আগুন দিয়েছে, তারা আরও জনবিচ্ছিন্ন হতে যাচ্ছে। একজনের জন্য এত মানষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য নিহত ব্যক্তিদের রুহের কাছে, তাঁদের স্বজনের কাছে, গ্রামবাসীর কাছে তাদের জবাবদিহি করতে হবে। নিজ বিবেক বলে কিছু থেকে থাকে, সেখানেও তাঁরা অপরাধী হয়ে থাকবেন। একাত্তরের স্মৃতিও জাগরিত হচ্ছে। নৈরাজ্যের বিরুদ্ধে সাধারণ মানুষের এই জাগরণ তুলে আনছে একাত্তরের অসহযোগ আর শেষবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার মডেল। তা শেখাচ্ছে, গ্রাম না জাগলে শহরের জাগরণ সার্থক হবে না। কানসাট-শিবগঞ্জ-ছত্রজিৎপুর তাই কেবল কতিপয় গ্রাম নয়, নৈরাজ্যের বিরুদ্ধে সাধারণ মানুষের আশাবাদী ঠিকানা। কানসাট-শিবগঞ্জে আজ সকাল নয়টায় বিরাট আকারে সহিংসতা প্রতিরোধের সভা হচ্ছে। ১৫টি ইউনিয়নের মানুষ খেপে আছে জামায়াতের ওপর। গত বৃহস্পতিবার হরতালের সমর্থনে সেখানকার বিদ্যুৎকেন্দ্রটি পুড়িয়ে দেওয়া হয়। তখন থেকে পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত। বোরো মৌসুমে বিদ্যুৎ না থাকায় সেচও বন্ধ। ফসল মার যাওয়ার ভয়ে অন্ধকার দেখছেন কয়েক হাজার কৃষক। এই ক্রোধ থেকেই তাঁরা রাজনীতির নামে নাশকতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। সারা দেশের পরিস্থিতিও এর থেকে ভিন্ন নয়। অব্যাহত হরতাল, নাশকতা, জ্বালাও-পোড়াওসহ রাষ্ট্রদ্রোহমূলক কাজকারবার জনজীবনকে ত্রাসিত করে রেখেছে। গরিবের পেটে লাথি পড়ছে। গরিব মাদ্রাসাছাত্রদের সঙ্গে গরিবের সন্তান পুলিশের লড়াই বাধানো হচ্ছে। পরিণামে উভয়ই প্রাণ হারাচ্ছে। কিন্তু কার জন্য, কীসের জন্য? গরিবকে গরিবের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আসলে কোন শ্রেণীর স্বার্থরক্ষা হয়? দেশের সম্পদ, রুটি-রুজি ও জানমালের ক্ষতির বিরুদ্ধে দেশজোড়া সামাজিক প্রতিরোধ তাই সময়ের ব্যাপার। ময়মনসিংহের ত্রিশালেও সড়ক অবরোধকারীদের ধাওয়া দিয়েছে গ্রামবাসী। এ রকম ধাওয়ার ঘটনা ঢাকাসহ সারা দেশে ছোট-বড় মাত্রায় ঘটছে। খেয়াল করার বিষয়, জামায়াত-অধ্যুষিত জয়পুরহাটের পাশেই ফুলবাড়ী; সেখানে এখন পর্যন্ত এ রকম সহিংস কর্মসূচি হতে পারেনি। কারণটা ঐতিহাসিক। এই ফুলবাড়ীতে এশিয়া এনার্জির খনি-চক্রান্তের বিরুদ্ধে বিরাট গণ-অভ্যুত্থান হয়েছিল। কারা জনমানুষের পক্ষে আর কারা বিপক্ষে, ফুলবাড়ীর সেই হুঁশ আছে।সাম্প্রতিক উত্তপ্ত এলাকাগুলোয় একসময় জেএমবির ঘাঁটি ছিল। জয়পুরহাটের মহেশপুর, রাজশাহীর কিছু এলাকা, বগুড়ার খিয়ার এলাকায় জামায়াত-শিবিরের প্রতিপত্তি তাই সারা দেশের চিত্র নয়। এই এলাকাগুলোয় স্বাধীনতাযুদ্ধের সময়ও পাকিস্তানপন্থীরা ব্যাপক সক্রিয় ছিল। এসব এলাকার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে সরকারকে। তবে পুলিশ সদস্যদের একই সঙ্গে সাহসী ও কৌশলী হওয়া চাই। ভীতসন্ত্রস্ত হয়ে নির্বিচার গুলি চালানো যাবে না। পুলিশ আলবত কঠোর হবে, তবে উসকানির ফাঁদে পা দেওয়া চলবে না। রাজনৈতিক সমস্যার বিহিত অস্ত্রক্ষমতা দিয়েহবে না।নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানানো মানুষের ধর্ম। তবে ভুললে চলবে না ঘাতকদের জন্য জান দেওয়ায় কোনো মহত্ত্ব নেই। অপ্রয়োজনে একটা গুলিও যেন খরচ না হয়। সব হতাহতের ঘটনার উচিত তদন্ত হতে হবে। সব রকম হত্যাকাণ্ডের বিরোধিতা করতে হবে। গরিব ও সংখ্যালঘু মানুষেরাই যৌথভাবে সংখ্যাগরিষ্ঠ। তাদের জীবনকে রাজনীতির বলি করা যাবে না। জামায়াত-শিবির পরিকল্পিতভাবে নৈরাজ্যের দিকে টানছে দেশকে। সরকার সব ক্ষেত্রে দ্রুততা, সততা ও বিচক্ষণতা দেখাতে পারছে না। সময়মতো প্রেসনোট পর্যন্ত আসছে না। মানুষকে ভরসা দেওয়াই তো সরকারের কাজ। সেই কাজে গাফিলতির কোনো সুযোগ নেই। মানুষের মনের কথাটা বুঝতে হবে। বিচারও হবে, শান্তিও থাকবে; সাপও মরবে লাঠিও ভাঙবে না, এটাই সর্বজনের চাওয়া। বিচারের নামে দলীয় স্বার্থসিদ্ধির বিষয়েও তারা সজাগ। প্রতিবাদের নামে ঘাতকদের রক্ষার নৈরাজ্যও তারা মানবে না। জনতার অ্যাকশন নীরব অ্যাকশন। সেই অ্যাকশনের খবর সব দলের ভোট-পিপাসুদের অবশ্যই রাখতে হবে।এদিকে সারা দেশে সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের ডাক এসেছে রাজধানী থেকে। নাটোরে সন্ত্রাসীদের বিরুদ্ধে লাঠি-বাঁশির সমিতির অভিজ্ঞতা ভালো ছিল। গত দুই বছরে যৌন নিপীড়নের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ দেখা গেছে। এসব অহিংস প্রতিরোধের শিক্ষা হলো, সন্ত্রাসী কায়দার বলপ্রয়োগের বিপরীতে জনগণের অহিংস বলপ্রয়োগ। ফুলবাড়ী-কানসাট-শনির আখড়া-আড়িয়ল বিল আজও পথ দেখাচ্ছে। জনগণের সংগঠিত হওয়ার পথে দলীয় ফ্যাঁকড়া বা দলীয় ফায়দা তুলতে গেলেই মানুষ পিছিয়ে যাবে। রাজনীতিকদের জনতার পেছনের কাতারে থাকাই সফলতার গ্যারান্টি। জনগণকে বিশ্বাসও করতে হবে, ভরসাও দিতে হবে। তাহলেই জাতীয় নিরাপত্তার ভরসা আসবে। সামাজিক জাগরণ শান্তির দুয়ারে পৌঁছাক। সামাজিক শক্তি সব অপশক্তির বিরুদ্ধে জাগ্রত থাক। ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।[email protected]