জনদুর্ভোগ বাড়ে এমন কর্মসূচি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার বিএনপির সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ আজ ছাপা হলো। বাকি অংশ ছাপা হবে আগামীকাল।সুজিত কুমার রাহা, মেডিকেলপ্রতিনিধি, কুমারখালী, কুষ্টিয়া।বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এ দেশে সুস্থ গণতন্ত্রের চর্চা হোক, এটি আমাদের সবার কাম্য। ব্যক্তিস্বার্থকে ঊর্ধ্বে রেখে বিরোধী দল যেন জনগণের স্বার্থকে সব সময় গুরুত্বের চোখে দেখে এবং জনগণের সমস্যার বিষয় যেন তাদের এজেন্ডায় গুরুত্ব পায়। এটিই আমাদের প্রত্যাশা।নজরুল ইসলাম, ব্যবসায়ীমাদারটেক, ঢাকা।বিএনপির সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি শুধু কি খালেদা জিয়ার ঝাড়বাতি বাঁচানোর আন্দোলন? তা-ই যদি হয়ে থাকে, তবে বিএনপির এ ধরনের আন্দোলন থেকে সরে আসাটাই বাঞ্ছনীয়।শতাব্দী গুণ, শিক্ষার্থীনারায়ণগঞ্জ।যদি সত্যিকারের রাজনীতি করার লক্ষ্য থাকে, তবে অন্যায়ের প্রতিবাদ করা উচিত বুদ্ধিদীপ্ত আন্দোলনের মাধ্যমে—জনগণের অশান্তির কারণ হয়ে নয়।মো. রুহুল আমিন খন্দকার, শিক্ষার্থীবিয়ানীবাজার, সিলেট।বিএনপির সর্বাত্মক আন্দোলনের পক্ষে আমি নই এবং খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের পক্ষেও নই। এটা সম্পূর্ণ আইনের ব্যাপার। আইনকে তার পথে চলতে দিতে হবে, তাতে যা-ই হোক বিএনপি মাথা পেতে নেবে।মো. মামুন হোসাইন, শিক্ষার্থীসরকারি বাঙলা কলেজ, ঢাকা।জনস্বার্থে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের অধিকার বিরোধী দলের আছে। তবে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নৈরাজ্য সৃষ্টির কোনো অধিকার বিরোধী দলের নেই। এ ক্ষেত্রে জনগণের জানমাল রক্ষার্থে সরকার ও প্রশাসনকে অবশ্যই সচেতন থাকতে হবে।মো. রাসেল খান, শিক্ষার্থীদেওয়ানবাজার, চট্টগ্রাম।বিএনপির সর্বাত্মক আন্দোলনকে আমি যৌক্তিক মনে করি।মো. শাহাদত হোসেন, ব্যবসায়ীপুরান আকবর হাট, সন্দ্বীপ।নির্বাচনের আগে স্লোগান ছিল ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’। এখন স্লোগান হলো ‘গাড়ি জ্বালাও বাড়ি বাঁচাও’। এই হলো আমাদের বিরোধী দলের নীতি। মনে রাখতে হবে, জনগণ আপনাদের ভোট দিয়েছে রাজপথে নেমে দাঙ্গা-হাঙ্গামা ও নিজেদের স্বার্থে জনজীবনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নয়। মুহাম্মদ জিন্নাহ ভূঁইয়া, শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বিরোধীদলীয় নেত্রীর ব্যক্তিগত ইস্যু নিয়ে বিএনপি সর্বাত্মক আন্দোলনের যে প্রস্তুতি নিচ্ছে, তা মোটেও সমর্থনযোগ্য নয়। এটা জনসংশ্লিষ্ট কোনো বিষয়ও নয়। এই আন্দোলনে সর্বাত্মকভাবে জনগণ সম্পৃক্ত হবে বলে আমার মনে হয় না। জনস্বার্থে গণতান্ত্রিকভাবে যেকোনো আন্দোলনেই জনসমর্থন পাওয়া যাবে।বিশ্বজিৎ, শিক্ষার্থীখুলনা।বিএনপি সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়ে সফল হতে পারবে না। কারণ বাংলাদেশের রাজনীতিতে অ্যান্টিবায়োটিক ও প্রতিষেধক একই কথা। এতে বিএনপি কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারবে না।এনায়েত, শিক্ষার্থীখিলগাঁও, ঢাকা।বিএনপির এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি না। যদি মূল ব্যাপার হয় বাড়ি, তবে তা আইনের মাধ্যমে মীমাংসা করা উচিত, আন্দোলনের মাধ্যমে নয়। প্রতিটি বিষয় নিয়ে যদি আন্দোলনে যেতে হয়, তবে জনসাধারণের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট হবে।ইব্রাহীম হোসাইন, শিক্ষার্থীসরিষাবাড়ী, জামালপুর।বর্তমানে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করলে বিএনপির সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি সমর্থনযোগ্য। তবে আন্দোলন শুধু একটি বাড়িকে কেন্দ্র করে নয়, জনগণকে সঙ্গে নিয়ে সরকারের সব ব্যর্থতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তাহলে জনগণকে বিরোধী দল পাশে পাবে।অরূপ কুমার বসাক, শিক্ষার্থীআইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।খালেদাকে বাড়ি থেকে ‘উচ্ছেদ’-এর বিষয়টি আইনগতভাবে ঠিক আছে। তবে বিষয়টি অনৈতিক। কারণ তিনি প্রায় ৪০ বছর ধরে এই বাড়িতে বসবাস করে আসছেন। বিষয়টি সরকারের নৈতিকভাবে বিবেচনা করা উচিত ছিল। বাড়ি নিয়ে বিএনপি যে আন্দোলন যাচ্ছে, তা ঠিক নয়। বাড়ি নিয়ে আন্দোলন না করে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করলে দেশের উন্নতি হতো। নাইমুর রশীদ লিখন, শিক্ষার্থীডুমুরিয়া, খুলনা।আমার মতে, যে বিষয়ে শুধু ব্যক্তিস্বার্থ জড়িত, তা নিয়ে আন্দোলন করা ঠিক নয়। দেশের স্বার্থ জড়িত এমন অনেক বিষয় আছে আন্দোলন করার মতো। সেগুলো নিয়ে আন্দোলন করলে জনসমর্থন পাওয়া যাবে।নিজাম উদ্দিন, শিক্ষকহাদ্রাবাদ, গাজীপুর।বিএনপির এই আন্দোলন বর্তমান সময়োপযোগী। এটা আমি সমর্থন করি।মুশফিকুর রহমান, চাকরিজীবী (অব.)ভৈরব, কিশোরগঞ্জ।খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির মালিকানা নির্ধারণের বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। উচ্ছেদসংক্রান্ত বিষয়ে যদি কোনো পক্ষ আদালতের নির্দেশনায় বরখেলাপ করে, তাহলে সে বিষয়ে আদালত অবমাননা অথবা নালিশ করা যেতে পারে। যাঁরা সরকার পরিচালনা করেন বা করবেন, তাঁরাই যদি আদালতে বিচারাধীন বিষয় রাজপথে আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করতে চান, তাহলে সাধারণ মানুষ আইনের ওপর শ্রদ্ধাশীল হবে কীভাবে?মো. জিল্লুর রহমান পারভেজ, ব্যবসায়ীকুলিয়ারচর, কিশোরগঞ্জ।আমি মনে করি, বিরোধী দল আন্দোলনে যেতে পারে বর্তমানে এমন কোনো ইস্যু নেই।মণি অরণ্য, কৃষকনবীনগর, সাভার।সরকারের স্বেচ্ছাচারিতা ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এ বিষয়ে জনগণকে সোচ্চার করাই বিরোধী দলের কাজ। বিষয়টি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হলে আন্দোলন ফলপ্রসূ হবে। সঠিক ইস্যু ছাড়া আন্দোলন বড় হাস্যকর হবে। বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থা সুস্থ নয়। প্রথমত দলকে শক্তিশালী করতে হবে, তারপর আন্দোলন করতে হবে। আর আন্দোলন এড়াতে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি।সেলিম আহম্মদ, ব্যবসায়ীওয়ারী, ঢাকা।যে ইস্যুর সঙ্গে জনগণে সম্পৃক্ত নয় বা জনগণের কোনো স্বার্থ নেই, তা সমর্থনযোগ্য নয়। আর জনগণ সম্পৃক্ত না হলে তা সফল হবে না। তাদের উচিত দ্রব্যমূল্য নিয়ে আন্দোলনে যাওয়া।শরীফ আবিদ রহমান, শিক্ষার্থীখালিশপুর, খুলনা।বর্তমানের সব পরিস্থিতি বিবেচনা করে আমি আন্দোলন সমর্থন করি না। আমার মতে, এটা অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলবে। এতে জনজীবনও বাধাগ্রস্ত হবে।বিশ্বজিৎ সেন, কবি ও গল্পকারচট্টগ্রাম।লাগাতার আন্দোলনের সিদ্ধান্তটা অপরিহার্য বলে মনে করি না। এতে জনগণ ও ব্যবসায়ীদের চোখে বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং আদালত অবমাননার প্রশ্ন দেখা দেবে। লাগাতার হরতালের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা দরকার।ইশতিয়াক বারী, শিক্ষার্থীহাবীবুল্লাহ বাহার কলেজ, ঢাকা।ব্যক্তিগত ইস্যুকে জাতীয় ইস্যু না করে দেশে অন্যান্য যে সমস্যা আছে, সেগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করা উচিত। যে কর্মসূচি গ্রহণ করা হোক না কেন, তা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়। আর সাধারণ নাগরিকদের জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, তা খেয়াল রাখতে হবে।ফারুক আহমেদ, সাংবাদিকরাজশাহী।স্বাধীনতাবিরোধী চক্র বিএনপি-জামায়াত জোট ক্রমান্বয়ে জনদুর্ভোগ বাড়াচ্ছে। পুনরায় ক্ষমতায় আসতে চায়। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে চায়। হরতাল প্রতিরোধে বর্তমান সরকারকে জনস্বার্থে প্রস্তুতি নিতে হবে।বিভূতিভূষণ মাহাতো, শিক্ষার্থীবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।আমি বলতে চাই, দেশ আপনাকে কী দিয়েছে, সেটা বড় ব্যাপার নয়; আপনি দেশকে কী দিয়েছেন, সেটাই আসল কথা। দেশ আপনাকে একটি বাড়ি থেকে বঞ্চিত করেছে, তার জন্য আপনি আন্দোলন করে দেশকে অচল করে দিতে পারেন না। মো. আরিফুল ইসলাম, শিক্ষার্থীজিয়াউর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।আমি মনে করি, এই সমস্যার সমাধান আইনগতভাবে হওয়া উচিত। কারণ সরকারি দল বলছে, তাদের সহযোগী সংগঠনগুলো নিয়ে হরতাল প্রতিরোধ করা হবে। এতে একটি দাঙ্গার আভাস পাওয়া যায়। আমাদের রাজনৈতিক দলগুলোকে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ ত্যাগ করে দেশ ও জনগণের স্বার্থের দিকে নজর দেওয়া উচিত।