জনদুর্ভোগের সভা-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সপ্তাহটা ঢাকাবাসীর জন্য ছিল বিপুল দুর্ভোগের। ছাত্রলীগের জন্মদিন, গণতন্ত্র রক্ষা দিবস এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচির জন্য তিন দিন রাজপথে চলাচল করতে জনসাধারণকে চরম ভুগতে হয়েছে। পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী থেকে শুরু করে রোগী, বয়স্ক, শিশু এবং ঢাকার বাইরে থেকে আসা মানুষকে বলা চলে পাহাড় ঠেলেই চলতে হয়েছে। একুশ শতকে কোনো সভ্য দেশের রাজধানীতে এমনটা কল্পনা করা যায় কি?
জনসভাগুলো রাজপথ থেকে ময়দানে-পার্কে সরিয়ে নেওয়া হলেও, রাজপথ থেকে মিছিল সরানো যায়নি। এ ধরনের সভা-সমাবেশের সময় পুলিশ বিভিন্ন রাস্তা বন্ধ বা যান চলাচল সীমিত করার ঘোষণা দিয়েই দায়িত্ব সারছে। পেশা বা জীবিকাসহ জীবনের দৈনন্দিন প্রয়োজনে মানুষকে রাস্তায় নামতেই হয়। তা ছাড়া অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার প্রয়োজনীয়তা তো রাজনৈতিক দলের কর্মসূচি বা দিবস ধরে চলে না। এসব কর্মসূচি চলার সময় জনগণের কী হবে, তা দেখার যেন কেউ নেই।
ঢাকা শহর এমনিতেই যানজটের চাপে বিপর্যস্ত। কোথাও সামান্য কোনো ঘটনা-দুর্ঘটনা ঘটলেই শহরজুড়ে এর প্রভাব পড়ে। সাত দিনের মধ্যে তিন তিনটি রাজনৈতিক কর্মসূচির চাপ নেওয়ার ক্ষমতা যে এই শহরটির নেই, তা কি আমাদের ক্ষমতাসীনেরা ও নীতিনির্ধারকেরা অনুভব করেন? রাজনৈতিক দলগুলো মানুষের জন্য রাজনীতি করে বলেই সব সময় দাবি করে, মানুষের দুর্ভোগের ব্যাপারে কি একটু সহানুভূতি তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি না?
সভা-সমাবেশ আয়োজন এবং রাজনৈতিক বা বিভিন্ন দিবসের কর্মসূচি পালন নিয়ে ভিন্ন চিন্তা–ভাবনা জরুরি হয়ে পড়েছে। প্রচলিত কায়দার সভা-সমাবেশ থেকে সরে আসার বিষয়টি ভাবতে হবে। কোনো দিবস বা রাজনৈতিক দলের বিশেষ কোনো কর্মসূচি নির্দিষ্ট স্থান থেকে টিভি ও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা যেতে পারে। এ ধরনের বিকল্প পথ ব্যবহার করেও রাজনৈতিক দলগুলো তাদের কথা জনগণকে জানাতে পারে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে বসে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেছেন এবং বক্তব্য দিয়েছেন। প্রযুক্তিগত এই সুবিধাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো যেতে পারে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রতিক এই জনদুর্ভোগের কথা বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। জনসভাগুলো ছুটির দিনে করার চিন্তার কথা তিনি প্রথম আলোকে জানিয়েছেন। যেভাবেই হোক, আমরা চাই মানুষ নিস্তার পাক।