রাজধানীসহ সারা দেশে খুন-ডাকাতি বেড়ে গেছে। রাজধানীতে প্রকাশ্য দিবালোকে গুলি করে ছিনতাই করা হয়েছে ৩৩ লাখ টাকা। বাসে-ট্রাকে-পরিবহনে ধর্ষণ ঘটেই চলেছে। বাসাবাড়িতে ডাকাতির খবর হয়ে উঠেছে নিত্যনৈমিত্তিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের কারও কারও দুষ্কৃতি পরিস্থিতিকে আরও বেসামাল করে তুলছে।
সবকিছু কি তাহলে ভেঙে পড়ছে? খুন-রাহাজানির হাত থেকে প্রশাসনের কর্তাব্যক্তিরাও রেহাই পাচ্ছেন না। চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর সরকারি বাসভবনের ভেতরেই ডাকাতি হয়েছে গত রোববার ভোরে। প্রকাশ্য দিবালোকে ছিনতাই আর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বাসায় ডাকাতি থেকে স্পষ্ট হয়, অপরাধীরা আর ধরা পড়ার ভয় করছে না। মোটামুটি নির্ভয়েই অপরাধ করে যাওয়া হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ অপরাধীদের টিকি স্পর্শ করতে পারছে না।
এ অবস্থার জন্য প্রথমেই জবাবদিহি করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি কি পুলিশ বাহিনীকে অপরাধ দমনে পরিচালিত করতে ব্যর্থ হচ্ছেন? নইলে পুলিশের ভয় অপরাধীদের নিরস্ত করতে পারছে না কেন? কোনো সমাজে কোনো দেশেই অপরাধকে একেবারে নির্মূল করা যায় না। তবে অপরাধের মাত্রা বেড়ে যাবে কিন্তু পুলিশ থাকবে উদাসীন; এমন অবস্থা তো জননিরাপত্তাব্যবস্থা নিস্তেজ হয়ে যাওয়ার লক্ষণ। এ রকম পরিস্থিতিতে সরকারের টনক থাকলে তো তা নড়ে ওঠার কথা! কিন্তু দেখা যায়, মন্ত্রী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও মুখপত্ররা ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে’ দাবি করে সন্তোষে ভোগেন। এ ধরনের দায়িত্বহীন সন্তোষে জনমনে অনাস্থা জন্মে।
পুলিশের শক্তি ও জনবল বৃদ্ধি করা হলেও, র্যাবকে বিপুল ক্ষমতা দেওয়া হলেও অপরাধ দমনে সাফল্য খুবই কম। এর অর্থ প্রতিষ্ঠানগুলোর তাদের দায়িত্ব পালনে বিরাট রকমের গাফিলতি থাকছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করায় আর ছাড় দেওয়ার সুযোগ নেই। টনক থাকলে সরকারকে এখনই নড়ে বসতে হবে।