জননিরাপত্তাই অগ্রাধিকার পাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণের নিরাপত্তাহীনতার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায়ত্বই সামনে নিয়ে এসেছে। মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ এখনো শেষ হয়নি। মাত্র তিনটি মামলার রায় হয়েছে। প্রথম মামলার আসামি পলাতক। দ্বিতীয় মামলায় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার রায়ের পর দলটি হরতাল পালন করলেও আসামি ভি চিহ্ন দেখিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন বলে ধারণা করা যায়।কিন্তু দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর জামায়াতে ইসলামী বিভিন্ন স্থানে যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এতে জননিরাপত্তা প্রচণ্ড হুমকির মুখে পড়েছে। রায়ের পর সংঘটিত সহিংসতায় সাত পুলিশসহ ৭০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির উন্নতিতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে অন্যতম হলো জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ‘সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি’ গঠন। কিন্তু এ ব্যাপারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা না থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বিপাকে পড়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ একটি চিঠি দিয়েই কর্তব্য শেষ করেছে। সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি যদি ক্ষমতাসীন দল বা জোটের উদ্যোগে হয়, তাহলে প্রশাসনের ভূমিকা থাকার কথা নয়। আর সরকারিভাবে কমিটি গঠিত হলে সব দলের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। বিশেষ করে এ ধরনের কমিটিতে স্থানীয় সরকার সংস্থার প্রতিনিধিদের থাকা অত্যাবশ্যক। উল্লেখ্য, অনেক উপজেলা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিরোধী দলের সমর্থক। তাঁদের বাদ দিয়ে কমিটি হলে তা যেমন গ্রহণযোগ্য হবে না, তেমনি কার্যকারিতা থাকবে না। শুরুতেই সরকারের এই উদ্যোগকে যে বিরোধী দল সুনজরে দেখেনি, তা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যেই প্রমাণিত। তিনি সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটির বিপরীতে গণতন্ত্র রক্ষা কমিটি গঠনের কথা বলেছেন। দেশের মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভুগছে, যখন চোরাগোপ্তা ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে, তখন সরকার ও বিরোধী দলের এই পাল্টাপাল্টি বক্তব্য কোনোভাবেই কাম্য নয়।দেশবাসী শান্তি চায়। সংকীর্ণ ও দলীয় রাজনীতির নামে জনগণকে জিম্মি করা যাবে না। আমরা মনে করি, পাল্টাপাল্টি কমিটি না করে কানসাট, শিবগঞ্জ, বগুড়া ও সিলেটের মতো সারা দেশে শান্তি রক্ষায় সর্বদলীয় কমিটি গঠন জরুরি। তবে সন্ত্রাসের সঙ্গে যুক্ত কোনো দলেরই কেউ কমিটিতে থাকতে পারবে না। কমিটি গঠনে দলীয় জেদাজেদি নয়, জননিরাপত্তার বিষয়টিই অগ্রাধিকার পেতে হবে। যেখানে ক্ষমতাসীন দল নির্বাচনকালে সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছে, সেখানে সন্ত্রাস ও নাশকতা রোধে সর্বদলীয় কমিটি গঠনে বাধা কোথায়?