জননিরাপত্তায় সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহ নেই যে কার্যকর সিসিটিভি-ভিত্তিক নিরাপত্তাব্যবস্থা অপরাধ সংঘটন প্রতিরোধ এবং অপরাধ চিহ্নিতকরণ ও অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্বে আধুনিক নগরগুলোর নিরাপত্তাব্যবস্থা ক্রমে সিসিটিভি-নির্ভর হওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ব্রিটেনের স্কুল ও হাসপাতালের মতো সংবেদনশীল স্থানগুলোর পর্যবেক্ষণে সাড়ে সাত লাখ, এমনকি দেশটির প্রতি ১৪ জনের জন্য একটি ক্যামেরা চালু রয়েছে। বারাক ওবামার সাম্প্রতিক ভারত সফরকালে রাতারাতি দিল্লিতে ১৫ হাজার সিসিটিভি বসানোর পরে দিল্লি হাইকোর্ট মন্তব্য করেছিলেন যে নাগরিক নিরাপত্তার জন্য এমন গতি দেখা যায় না!
গুলশান–বনানী এলাকায় ১০০ সিসি ক্যামেরাআমরা গুলশান-বনানীতে সক্রিয় নাগরিক শরিকানায় ১০০ ক্যামেরা দিয়ে ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরুর উদ্যোগকে স্বাগত জানাই। পুলিশ ও নাগরিকেরা একটি প্রশংসনীয় কাজ করেছেন। কিন্তু এ ধরনের নিরাপত্তাব্যবস্থা রাজধানীবাসী পুরো নগরে সামগ্রিকভাবে আশা করবে। বাড়তি নিরাপত্তা শ্রেণিগত ধারণা হওয়ার নয়, এমনকি তা লিখিতভাবে রাখা হলে তা থেকে খুব সুফলও আশা করা যাবে না। গুলশান-বনানীর সোসাইটির সদস্যরা যেভাবে মোটা অঙ্কের অর্থ জোগান দিতে পেরেছেন, সেভাবে অন্য অনেক এলাকার মানুষ দিতে পারবেন না। কিন্তু তাঁদেরও একই প্রযুক্তিনির্ভর উন্নত নিরাপত্তার প্রয়োজন। তবে আমরা এটাও বলব, নগরের অন্যান্য এলাকার মানুষ যেন গুলশানের পুলিশ-নাগরিক যৌথ উদ্যোগকে খুবই ইতিবাচক হিসেবে দেখেন এবং অনুসরণীয় মডেল হিসেবে বাস্তবায়ন করেন। কারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রহণযোগ্য সেবা পেতে তাদের ওপর পুরোপুরি নির্ভরশীল থাকা সমীচীন মনে হয় না। তাদের ওপর সচেতন নাগরিকের নিবিড় তদারকি একটা রক্ষাকবচ হতে পারে।
তবে পুলিশ বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত সিসি ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আগের চেয়ে নিরাপত্তা বাড়াতে পেরেছেন, সেটি হলফ করে বলা যায় না। পয়লা বৈশাখে নারী নিগ্রহকারীদের শনাক্ত করতে শতাধিক সিসিটিভির ফুটেজ যে কাজে দেয়নি, তা আমরা উদ্বেগের সঙ্গেই লক্ষ করেছি। তাই পুলিশ-নাগরিক যৌথ উদ্যোগই কাম্য।