জনশক্তি রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরে যেখানে পাঁচ লাখ কর্মী মালয়েশিয়ায় যাওয়ার কথা, সেখানে দেড় বছরে গেছে মাত্র সাড়ে চার হাজার! বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সরকারিভাবে কর্মী পাঠানোর যে উদ্যোগ আশার আলো ছড়িয়েছিল, তা আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। বেসরকারি খাতের জনশক্তি রপ্তানিকারকেরা একে সরকারি উদ্যোগের ব্যর্থতা বলে মনে করছেন। অন্যদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর অভিযোগ, সরকারি উদ্যোগ বন্ধ করতে একটি চক্র কোটি কোটি টাকা খরচ করছে। আমরা মনে করি, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়টিকে কোনো পাল্টাপাল্টি বা জেদাজেদির বিষয় হিসেবে না দেখে বাস্তবসম্মতভাবে কিছু বিষয় নিয়ে চিন্তাভাবনা জরুরি।
২০১২ সালে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারিভাবে লোক পাঠানোর যে সিদ্ধান্ত নেয়, তার পেছনে কাজ করেছে আগে বেসরকারিভাবে লোক পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম, দুর্নীতি ও প্রতারণামূলক কর্মকাণ্ড। কিন্তু সরকারিভাবে লোক পাঠানোর উদ্যোগ যে কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না, সেটাও স্পষ্ট। তবে সরকার জনশক্তি রপ্তানিকারকদের দেখিয়ে দিতে পেরেছে যে কত কম পয়সায় মালয়েশিয়ায় লোক পাঠানো যায় এবং জনশক্তি রপ্তানিকারকেরা দীর্ঘদিন ধরে কার্যত লোকজনকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে আসছিল।
কিন্তু জনশক্তি রপ্তানি একটি ব্যবসা এবং ব্যবসার কাজটি ব্যবসায়ীরা ভালো করবেন, এটাই স্বাভাবিক। সরকারের দায়িত্ব হচ্ছে ব্যবসায়ীরা যাতে নিয়মনীতি মেনে ব্যবসাটি করেন, তা নিশ্চিত করা, কেউ তা ভাঙলে ব্যবস্থা নেওয়া এবং কেউ যাতে প্রতারণার শিকার না হয়, তা নিশ্চিত করা। তাই মালয়েশিয়ায় সরকারি উদ্যোগে লোক পাঠানোর উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা প্রয়োজন।
জনশক্তি রপ্তানি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম খাত। ফলে সরকারের উচিত একই সঙ্গে বেসরকারি রপ্তানিকারকদের উৎসাহিত করা এবং তাঁদের জন্য নিয়মনীতি ও কোন দেশে লোক পাঠানোর জন্য সর্বোচ্চ কত অর্থ আদায় করা যাবে, তা নির্দিষ্ট করে দিয়ে তা মেনে চলতে বাধ্য করা।