জনশক্তি রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে জনশক্তি পাঠানো নিয়ে মন্ত্রণালয় ও জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মধ্যে বর্তমানে যে বিরোধপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আর এই পরিস্থিতির সূত্র ধরে জনশক্তি রপ্তানি বন্ধের যে হুমকি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) দিয়েছে, সেটা কোনো কাজের কথা হতে পারে না। মালয়েশিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে বায়রা বলেছে যে এই সিদ্ধান্ত থেকে সরে না এলে তারা বিদেশে জনশক্তি রপ্তানি বন্ধ করে দেবে। একই সঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের ‘নেতিবাচক’ প্রচারণা বন্ধের বিষয়টিও তাদের অন্যতম দাবি। বায়রার এই দুটি দাবি এবং দেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিরাজমান নানা অনিয়মের সূত্র ধরে আমরা বলতে চাই, অতীতে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে যেসব অনিয়ম হয়েছে ও লোকজন প্রতারণার শিকার হয়েছে, তার দায় জনশক্তি রপ্তানিকারকেরা যেমন অস্বীকার করতে পারবে না, তেমনি সরকারও পারবে না। এ ক্ষেত্রে দুই পক্ষের ব্যর্থতাই কাজ করেছে। সেই বাস্তবতায় মালয়েশিয়ার পক্ষ থেকে সরকারি উদ্যোগে লোক নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সরকারি উদ্যোগে মালয়েশিয়ায় লোক পাঠানো হলেই কি সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ হবে? অতীতের অভিজ্ঞতা তো তা বলছে না। অন্যদিকে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো কি এমন নিশ্চয়তা দিতে পারছে যে তাদের এই দায়িত্ব দেওয়া হলে কেউ প্রতারিত হবেন না? বিদেশে যেতে ইচ্ছুক অসহায় সহজ-সরল লোকজন অনেক রিক্রুটিং এজেন্সির কবলে পড়ে যে সর্বস্বান্ত হয়েছেন, তা কি অস্বীকার করার উপায় আছে! জনশক্তি রপ্তানির ব্যবসা এখন দেশে একটি বড় খাত হিসেবে বিবেচিত। আমরা মনে করি, ব্যবসা করা সরকারের কাজ নয়, ফলে জনশক্তি রপ্তানির কাজটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই করতে হবে। আর বাংলাদেশ থেকে যে পরিমাণ জনশক্তি বিদেশে রপ্তানি হয়, তা পাঠানোর সক্ষমতাও সরকারের নেই। সরকারের কাজ হবে রিক্রুটিং এজেন্সিগুলো যাতে নিয়ম মেনে কাজ করে, তা তদারক করা এবং কোনো প্রতিষ্ঠান প্রতারণা বা লোক ঠকানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। বর্তমানে মালয়েশিয়ায় সরকারি উদ্যোগে লোক পাঠানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকে একটি সাময়িক ও পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে নেওয়া বাঞ্ছনীয় বলে আমরা মনে করি। সরকার এর মাধ্যমে রিক্রুটিং এজেন্সিগুলোর সামনে একটি দৃষ্টান্ত তুলে ধরতে পারে যে কীভাবে নিয়মনীতি মেনে কম খরচে লোক পাঠানো যায়। পরীক্ষামূলক এই উদ্যোগের মাধ্যমে যদি সরকার একটি মান বা স্ট্যান্ডার্ড ঠিক করে দিতে পারে, তবে পরবর্তীকালে তা রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য একটি গাইডলাইন হিসেবে কাজ করতে পারে। সবচেয়ে বড় কথা, বর্তমানে যে বিরোধপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা মিটিয়ে ফেলার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে আলাপ-আলোচনা। আমরা মনে করি, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত অবিলম্বে বায়রার সঙ্গে আলোচনায় বসে একটি গ্রহণযোগ্য সমাধানে আসা।