জনশক্তি রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে বিদেশে লোক পাঠানোর নামে শ্রমবাজার স্থবির করা হচ্ছে—এমন অভিযোগ এনে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা জনশক্তি রপ্তানির কার্যক্রম বন্ধের যে ঘোষণা দিয়েছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) অভিযোগ, সরকারিভাবে অন্যান্য দেশের সঙ্গে চুক্তি করে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়ায় শ্রমবাজার সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু এ কথাও সত্য যে সরকারের এই উদ্যোগের ফলে খুবই স্বল্প অর্থে বিদেশে শ্রমিক পাঠানো যাচ্ছে। অর্থাৎ আগে বিদেশে লোক পাঠানোর সময় প্রতারণা করে বেশি অর্থ আদায় করা হতো। এর মূল দায়টি এই বেসরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর, তা বলার অপেক্ষা রাখে না। আমরা বরং মনে করি, বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগের ফলে বাজার আরও সম্প্রসারিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আগে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া প্রভাবের কারণে জনগণ প্রতারণা ও হয়রানির শিকার হতো, এখন বরং একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জনশক্তি রপ্তানির কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে বায়রা কার্যত এটা প্রমাণ করল যে একচেটিয়া প্রভাব বজায় রেখে জনগণের কাছ থেকে ইচ্ছামতো অর্থ আদায় করাই তাদের একমাত্র লক্ষ্য। অন্যদিকে শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী বায়রার সেবা প্রদান বন্ধ রাখায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ক্ষতি হবে না বলে যে মন্তব্য করেছেন, তা-ও গ্রহণযোগ্য নয়।সরকারকে স্বীকার করতেই হবে, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে যে সাফল্য তার সিংহভাগ কৃতিত্ব বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের। বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণেও তাদের ভূমিকা আছে। তাই তাদের বাদ দিয়ে এককভাবে সরকারি উদ্যোগে জনশক্তি রপ্তানি সমর্থনযোগ্য নয়। বরং এ খাতে সরকার ও বায়রার সুস্থ ও সুষ্ঠু প্রতিযোগিতা থাকলে চাকরিপ্রার্থীদের স্বল্প খরচে বিদেশে যাওয়ার পথ সুগম হবে। জনশক্তি রপ্তানিতে সরকারি ও বেসরকারি উদ্যোগকে পাল্টাপাল্টি হিসেবে দেখা সমীচীন নয়। বরং এটি পরস্পরের সম্পূরক হতে পারে। বায়রার ন্যায়সংগত দাবিও সরকারকে আমলে নিতে হবে। ‘ধর্মঘট’ বা ‘বয়কট’ সমস্যা সমাধানের পথ নয়।