জনসংখ্যা নিয়ন্ত্রণের কৌশল হিসেবে এক সন্তানকে গুরুত্ব দেওয়ার অবস্থান থেকে সরকারের সরে আসার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রাখে। জাতীয় সংসদের আগামী অধিবেশনে বাংলাদেশের জনসংখ্যা নীতি, ২০১২ বিল আকারে উপস্থাপনের কথা রয়েছে। সংসদের অধিবেশন সামনে রেখে এক-সন্তান নীতির বিষয়ে জনমত যাচাইয়ের সুযোগ সরকারকে কার্যকর অর্থে ব্যবহার করতে হবে। ঠিক কী ধারণার ভিত্তিতে এবং কবে কারা এক-সন্তানের নীতির সপক্ষে অবস্থান নেওয়া পরিত্যাগ করেছেন, তা প্রথম আলোর প্রতিবেদকেরা অনুসন্ধান চালিয়েও হদিস করতে পারেননি। ৭ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক-সন্তান নীতি থেকে সরে আসার মূল কারণ সম্পদের উত্তরাধিকার আইন। একমাত্র সন্তান মেয়ে হলে সম্পত্তি অন্যের অধিকারে চলে যাওয়ার আশঙ্কাই সিদ্ধান্ত পরিবর্তনের কারণ। এ যুক্তি যদি সিদ্ধান্ত পরিবর্তনের কারণ হয়ে থাকে, তা হলে বিষয়টি সামগ্রিকভাবে খতিয়ে দেখা প্রয়োজন। সরকারের একদিকে ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ স্লোগান বজায় রাখা, অন্যদিকে এক-সন্তান নীতি থেকে সরে আসা স্ববিরোধীই বটে।ইতিমধ্যে বাংলাদেশে জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে। পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহারের হার ৭২ শতাংশে উন্নীত করা সাপেক্ষে ২০৫০ সালে বাংলাদেশে জনসংখ্যার হার ২২ কোটিতে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। আর যেখানে ব্যর্থতার ঝুঁকি রয়েছে, সেখানে প্রকৃত জনসংখ্যা হবে আরও অনেক বেশি। এ প্রেক্ষাপটে সরকারকে এক সন্তানকে গুরুত্ব দেওয়ার অবস্থানেই ফিরে যেতে হবে। পুনর্গঠিত জাতীয় জনসংখ্যা পরিষদকে বুঝতে হবে যে জনগণের একটি অনুল্লেখযোগ্য অংশই মেয়েসন্তান হলে দ্বিতীয়বার সন্তান গ্রহণের বিষয়ে আগ্রহী এবং সেই কারণ দেখিয়ে এক-সন্তান নীতি পরিত্যক্ত হতে পারে না। তা ছাড়া, রাষ্ট্রকে ক্রমাগতভাবে মেয়েসন্তানের প্রতি সমতা ও ন্যায়পরায়ণতার দৃষ্টিভঙ্গি সমাজে যাতে প্রোথিত হয়, সে বিষয়ে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে হবে। উত্তরাধিকার আইন নিয়ে বাংলাদেশের সমাজে যে জটিলতা রয়েছে, তা থেকে উত্তরণে সাহসী ও সৎ রাজনৈতিক অঙ্গীকারের কোনো বিকল্প নেই। সুতরাং, সংবেদনশীল সমস্যাকে পাশ কাটিয়ে এখন শুধু মেয়েসন্তানের দোহাই দিয়ে এক সন্তানকে গুরুত্ব দেওয়ার অবস্থান থেকে সরে আসাটা সমীচীন হবে না বলেই প্রতীয়মান হয়।