জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ঢাকা কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা সত্যনারায়ণন ডোরেস্বামী গত বছরের জুলাই মাসে প্রসঙ্গক্রমে মন্তব্য করেছিলেন, মনে করা হচ্ছে, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বাংলাদেশের সব কাজ শেষ হয়ে গেছে। এ কথার যথার্থতা কাগজে-কলমে প্রমাণ করা হয়তো কঠিন, কিন্তু জন্মনিয়ন্ত্রণের সরকারি উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার ঘাটতি লক্ষ করলে প্রতীয়মান হয়, তাঁর এই মন্তব্য অমূলক নয়।
সর্বশেষ খবর হলো, মাঠপর্যায়ে জন্মনিয়ন্ত্রণ-সামগ্রীর সংকট দেখা দিয়েছে; পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা প্রয়োজনের সময় দম্পতিদের এসব সামগ্রী সরবরাহ করতে পারছেন না; এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে জন্মনিয়ন্ত্রণ-সামগ্রী নিয়ে বিতরণের মাধ্যমে। সংকট এমন আকার ধারণ করেছে যে ইউএনএফপিএ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগী ছয়টি সংস্থা আমাদের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছে, সারা দেশে জন্মনিয়ন্ত্রণ-সামগ্রীর মজুত ফুরিয়ে যেতে বসেছে, দ্রুত পদক্ষেপ না নিলে পরিবার পরিকল্পনা কর্মসূচি সমস্যায় পড়বে। অবশ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এই সংকটকে ‘সাময়িক সমস্যা’ বলে আখ্যায়িত করে বলেছেন যে চলতি মাসের মধ্যেই জন্মনিয়ন্ত্রণ-সামগ্রীর সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু এ রকম সংকট স্বল্প সময়ের জন্যও গ্রহণযোগ্য নয়। বলা হচ্ছে, দুই বছর আগে জন্মনিয়ন্ত্রণ-সামগ্রীর কেন্দ্রীয় ভান্ডারে আগুন লেগে বিপুল পরিমাণ সামগ্রী নষ্ট হয়, ঘাটতি সৃষ্টি হওয়ার এটাই প্রধান কারণ। কিন্তু দীর্ঘ দুই বছরেও কেন ঘাটতি পূরণ করা হলো না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে পরিকল্পিত পরিবার গড়তে জন্মনিয়ন্ত্রণ-সামগ্রী ব্যবহার করতে আগ্রহী, কিন্তু প্রয়োজনের সময় তা পান না, এমন দম্পতির হার ১২ শতাংশ। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এ পর্যন্ত আমরা যে সাফল্য অর্জন করেছি, তার অন্যতম প্রধান কারণ সারা দেশে জন্মনিয়ন্ত্রণ-সামগ্রীর ব্যবহার বৃদ্ধি। এখন সরবরাহ ঘাটতির কারণে জন্মনিয়ন্ত্রণ-সামগ্রীর ব্যবহার হ্রাস পেলে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্যের নানা ক্ষেত্রে নতুন নতুন সমস্যা সৃষ্টি হবে। জন্মনিয়ন্ত্রণ-সামগ্রীর অভাব দীর্ঘায়িত হলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের হার বেড়ে যাবে, এতে গর্ভপাত ও মাতৃমৃত্যুর ঝুঁকিও বাড়বে। তাই আমাদের উচিত জন্মনিয়ন্ত্রণ-সামগ্রীর ব্যবহার আরও ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নেওয়া। সে জন্য এসব সামগ্রীর পর্যাপ্ত মজুত ও নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে কোনো অবহেলা, কালক্ষেপণ বা অর্থের ঘাটতি থেকে থাকলে অবিলম্বে তা দূর করতে হবে।
তবে সামগ্রিকভাবে যা প্রয়োজন, তা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে সরকারের আন্তরিক উপলব্ধি ও তাগিদ। অতিরিক্ত জনসংখ্যা যে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুতর একটি সমস্যা, সরকারি মহলে এই উপলব্ধির ঘাটতি আছে বলে মনে হয়। কেউ কেউ বলেন, এটা কোনো সমস্যা নয়, বরং বাড়তি জনসংখ্যা আমাদের সম্পদ। তাই পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক উদ্যোগ দিনে দিনে নিষ্প্রাণ হয়ে পড়েছে। এই কর্মসূচিকে ফলপ্রসূ করার অন্যতম প্রধান উপায় জন্মনিয়ন্ত্রণ-সামগ্রীর সহজ প্রাপ্তি নিশ্চিত করা। এ ক্ষেত্রে অবহেলা, অব্যবস্থাপনা ও উদ্যমের অভাব দুঃখজনক।
জনঘনত্বের দিক থেকে বাংলাদেশ এখন অত্যন্ত জটিল অবস্থায় উপনীত হয়েছে। প্রতি বর্গকিলোমিটার জায়গায় ১ হাজার ১২৫ জন মানুষের বসবাসের ফলে প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক—জীবনের সব ক্ষেত্রে নানামুখী সমস্যা সৃষ্টি হয়েছে এবং সেসব সমস্যা দিনে দিনে বেড়ে চলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে এসব সমস্যা আরও তীব্র রূপ ধারণ করবে। তাই আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকে বিশেষভাবে মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি।