বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে মুঠোফোন। যোগাযোগের ক্ষেত্রে এটি বিপ্লব ঘটিয়েছে, সন্দেহ নেই। কিন্তু সচেতনতার অভাবে এই মুঠোফোনই অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি প্রথমআলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রেলপথে মৃত্যুর একটি বড় কারণ হচ্ছে মুঠোফোনে কথা বলা। মুঠোফোনে কথা বলতে বলতে রেলপথ পার হতে গিয়ে মানুষজন ট্রেনে কাটা পড়ছে। বিষয়টি সত্যিই উদ্বেগের।
প্রথমআলোর প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেলওয়ের একটি থানা এলাকায় চলতি বছরের ৯ মাসে ২৩০টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১০৬ জন মারা যান মুঠোফোনে কথা বলতে বলতে রেলপথ পার হওয়ার সময়। এসব দুর্ঘটনায় যাঁরা মারা গেছেন, তাঁদের বেশির ভাগই কম বয়সী ছেলেমেয়ে। কানে মুঠোফোন থাকায় অনেক সময় দ্রুতগতির ট্রেনের শব্দ শোনা যায় না। কেউ ডাক দিলেও শোনে না। তাই ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে অনেকে। আবার কেউ কেউ প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে যন্ত্রণা ভোগ করছেন। গণমাধ্যমে এসব খবর প্রকাশিত হলেও লোকজনের সতর্কতা বাড়ছে এমন লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিবন্ধক বার ফেলার পরও দেখা যায়, কেউ হেঁটে, কেউ দৌড়ে, কেউ–বা মোটরসাইকেলে করে রেলপথ পার হচ্ছেন।
এ ছাড়া দেখা যায়, পথ চলতে চলতে বা এমনকি রাস্তা পার হওয়ার সময়ও অনেকে মুঠোফোনে কথা বলেন বা খুদে বার্তা পাঠান। অনেকে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেন, ফেসবুক দেখেন। অনেকে মোটরসাইকেল ও গাড়ি চালাতে চালাতেই মুঠোফোনে কথা বলেন। এগুলো যেমন নিজের জন্য খুব বিপজ্জনক, তেমনি অন্যদের জন্যও। একটুখানি অসতর্কতাই প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রেললাইনজুড়ে ও সংলগ্ন এলাকায় সতর্কতামূলক বিজ্ঞাপন ফলক টানানো যেতে পারে। রেললাইনের ওপর দিয়ে চলাচল করায় নিষেধাজ্ঞা আরোপ করার কথাও হয়তো ভাবা প্রয়োজন। তবে সে জন্য সংশ্লিষ্ট এলাকায় চলাচলের বিকল্প পথ তৈরি করতে হবে।