ব্যক্তিস্বার্থ ও জনস্বার্থ দুটি দুই জিনিস, কিন্তু পরস্পরের ওপর নিয়ত নির্ভরশীল। জনস্বার্থের মধ্য দিয়ে ব্যক্তির স্বার্থ সংরক্ষিত হয়। আর ব্যক্তিস্বার্থ যখন জনস্বার্থকে হুমকির মুখে ফেলে, তখন তা কিছু ব্যক্তির স্বার্থকে সুরক্ষিত করলেও বহু স্তরের বহু ব্যক্তির স্বার্থকে বিঘ্নিত করে। তখন তা সর্বৈব বিচারে বৈধতা হারায়। শুধু কঠোরতর আইন দিয়ে ব্যক্তিস্বার্থের থাবা থেকে জনস্বার্থকে বাঁচানো কঠিন। প্রশ্নটি সদিচ্ছার। ব্যক্তিকে বুঝতে হবে বৃহৎ অর্থে ব্যক্তিগত সম্পত্তি বলে আসলে কিছুই নেই। বৃহৎ অর্থে সব সম্পত্তিই সমাজের সম্পত্তি।
ব্যক্তিগত সম্পত্তির ব্যবহার দিয়ে জনস্বার্থকে হুমকিতে ফেলার মধ্যে ভয়ানক নির্লজ্জতা আছে। সেই নির্লজ্জতার জ্যান্ত নিদর্শন দেখা যাচ্ছে রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। সেখানকার আনলিয়ার বিল ও পোড়া বিল নামের দুটি বিলের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি গুটিকয় ব্যক্তির স্বার্থ চরিতার্থের কারণে শেষ হয়ে যাচ্ছে। এই দুটি বিলের জমি তিন ফসলি। বিলের পানি একটি সরকারি খাল দিয়ে বারনই নদে নেমে যায়। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা খালের মুখে অপরিকল্পিতভাবে পুকুর খনন করে এমনভাবে পাড় বেঁধেছেন যে বৃষ্টি হওয়ার পর বিলের পানি সেই খাল দিয়ে বের হতে পারছে না। এতে ৩০০ একর জমি জলাবদ্ধতায় অনাবাদি হয়ে পড়েছে। গোটা বিশেক পুকুরের কারণে কৃষকদের ধান, করলা, মরিচসহ বিভিন্ন সবজি নষ্ট হয়ে গেছে। এই প্রভাবশালী ব্যক্তিদের খপ্পর থেকে চাষিদের বাঁচাতে এর আগে প্রশাসন উদ্যোগ নিয়ে পানিনিষ্কাশনের ব্যবস্থা করেছিল। কিন্তু পুকুরমালিকেরা আবার তা বন্ধ করে দেন।
২০১৮ সালে দুর্গাপুর উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) পুলিশ নিয়ে বিলে গিয়ে পুকুরের পাড় কেটে বিলের পানি খালে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এরপর মাঠে চাষিরা ধান থেকে শুরু করে সব ধরনের ফসলের চাষ করেন। সেই কর্মকর্তা বদলি হয়ে যাওয়ার পর আবারও তাঁরা সক্রিয় হয়েছেন। আবার খালের মুখ বন্ধ হয়ে গেছে। চাষিরা যে সবজি চাষ করেছিলেন, বৃষ্টির পানি জমে তা সব তলিয়ে গেছে। কৃষকদের ভাষ্যমতে, ইউএনও অফিস থেকে সার্ভেয়ার পাঠানো হয়েছিল। তাঁরা খেতের নষ্ট ফসলের ছবিও তুলে নিয়ে যান। কিন্তু কোনো সুরাহা হয়নি।
এ অবস্থায় প্রশাসনকে কঠোর হতে হবে। এর পাশাপাশি ব্যক্তিস্বার্থ যে জনস্বার্থের ঊর্ধ্বের কিছু হতে পারে না—সেই বোধ স্থানীয় সাধারণ মানুষের মধ্যে জাগিয়ে তোলা দরকার।