জনস্বাস্থ্যের বড় হুমকির প্রতি সরকার কেন উদাসীন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের দশকের গোড়া থেকেই আর্সেনিক সমস্যা আলোচিত হতে থাকে। ২০১০-এর দশকে আর্সেনিক নিরসনের লক্ষ্যে প্রচুর বিদেশি সাহায্য আনা হয়েছিল, কিছু কিছু এনজিও এই বাবদ যথেষ্ট বিদেশি সাহায্য পেয়েছিল। সেগুলো কোথায় গেল, কীভাবে খরচ হলো, তা-ও জানার সুযোগ কম। ১৯৯৩ সালে চাঁপাইনবাবগঞ্জের যে গ্রামটিতে প্রথম আর্সেনিক পাওয়া গিয়েছিল, সেই গ্রামটিকে পর্যন্ত আর্সেনিকমুক্ত করা সম্ভব হয়নি। এ রকম সার্বিক অবহেলার মধ্যে আর্সেনিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বাংলাদেশের জনগণের জীবনে নেমে আসা বৃহত্তম বিষক্রিয়া হিসেবে অভিহিত করেছে।

২০১১ সালে ওয়াশিংটনে অনুষ্ঠিত পানিবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল আর্সেনিক মোকাবিলায় ২০ কোটি ডলারের তহবিল গঠনের কথা বলেছিল। অথচ গত বাজেটে আর্সেনিক প্রতিরোধে মাত্র ৫০ কোটি টাকা বরাদ্দ হওয়া থেকে বোঝা যায়, সরকার একে মোটেই গুরুত্ব দিচ্ছে না। প্রথমআলোর শুক্রবারের প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, আর্সেনিকের দূষণ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ওষুধ ও ভিটামিন বিতরণ কর্মসূচি হাওয়া হয়ে গেছে। বিদেশি সাহায্য বন্ধ বলে কি আর্সেনিকে মৃত্যুর ঝুঁকির বিরুদ্ধে সরকার কিছু করবে না?

আর্সেনিকবিষয়ক জাতীয় কমিটির কোনো বৈঠক হয় না। এ কমিটি পুনর্গঠিত হওয়া দরকার। তা ছাড়া, নিরাপদ পানি সরবরাহের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত কর্মসূচি থাকতে হবে। আমরা আশা করব, সরকারি ও বেসরকারি পর্যায়ে আর্সেনিক মোকাবিলায় আগের উদ্যম, তহবিল ও পরিকল্পনা ফিরে আসবে। জনস্বাস্থ্যের এত বড় হুমকির প্রতি সরকারি উদাসীনতা খুবই উদ্বেগজনক।