রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় পণ্যাগারে আগুন লাগার ঘটনা প্রতিষ্ঠানটির অগ্নিনির্বাপণব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।
গত শনিবার রাতে লাগা এই আগুনে বিশ্বব্যাংক ও সরকারের অর্থায়নে কেনা যন্ত্রপাতি, রেজিস্ট্রার, জন্মনিরোধকসামগ্রী, ওষুধসহ প্রায় ১০৮ ধরনের পণ্য পুড়ে গেছে। এগুলোর মধ্যে মা ও শিশু স্বাস্থ্যসংক্রান্ত এবং পরিবার পরিকল্পনা সেবাসংক্রান্ত ৩৬ ধরনের ওষুধ রয়েছে। অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা, অগ্নিকাণ্ডে শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রথম আলোর খবর অনুযায়ী, পণ্যাগারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন বলে অধিদপ্তরকে জানিয়েছিলেন। কিন্তু ঘটনাস্থলে প্রথম যাওয়া ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীর দেওয়া তথ্যমতে, প্রথম খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যে গিয়েও তাঁরা পুরো গুদামে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাতে তাঁদের ধারণা, আগুন লাগার বেশ কিছুক্ষণ পর তাঁদের খবর দেওয়া হয়েছে। এ ধরনের অবহেলা কখনোই কাম্য নয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি হতো না। এ ছাড়া পণ্যাগারটিতে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকাটা খুবই দুঃখজনক। ফায়ার সার্ভিসের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, কয়েকটি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া গুদামটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। আগুন নেভাতে গিয়ে পানির প্রকট সমস্যায়ও পড়তে হয়েছে তাঁদের। সরকারের একটি গুরুত্বপূর্ণ পণ্যাগারের এমন হাল একেবারেই অনভিপ্রেত। খোদ অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করেছেন, ১৯৭৮ সালে তৈরি একতলা টিনশেড ভবনটি এ ধরনের গুরুত্বপূর্ণ গুদামের জন্য মোটেই উপযুক্ত ছিল না। দীর্ঘদিন ভবনটিতে মেরামতকাজ হয়নি। একটি সিসি ক্যামেরা থাকলেও তা সাত বছর ধরে নষ্ট।
আগুন লাগার ঘটনাটি স্রেফ দুর্ঘটনা না নাশকতা, তা জানতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি তদন্ত কমিটি সুষ্ঠুভাবে তদন্ত করবে। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, এই অগ্নিকাণ্ডে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে আগামী তিন মাসে অধিদপ্তরের কাজে খুব একটা প্রভাব না পড়লেও এরপর নতুন সরবরাহ না এলে প্রভাব পড়বে। তাই এই তিন মাসের মধ্যে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে অধিদপ্তরকে।