দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিনা মূল্যে জন্মনিয়ন্ত্রণসামগ্রী দেওয়া হয়, কারণ এই সামগ্রী কেনার জন্য অর্থ ব্যয় তাদের জন্য খুব স্বাভাবিকভাবেই বাড়তি চাপ। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধিতে এই জনগোষ্ঠীর ভূমিকাটিই বেশি। তাই জনসংখ্যা বৃদ্ধি ঠেকাতে তাদের কাছে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সরবরাহ নিশ্চিত করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনো অনিয়ম ও দুর্নীতির অর্থ হচ্ছে, জাতীয় এই কর্মসূচি বাধাগ্রস্ত হওয়া। বেশি ব্যবহার দেখিয়ে জন্মনিয়ন্ত্রণসামগ্রী আত্মসাতের অভিযোগটি তাই জাতীয় স্বার্থের বিবেচনায় উদ্বেগজনক।প্রথম আলোর প্রতিবেদনে গাইবান্ধা সদর উপজেলার দুটি পরিবারকল্যাণ কেন্দ্রে (এফডব্লিউসি) ২০০৭ সালের কিছু তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে। এই কেন্দ্র দুটিতে নয় দিনে যে পরিমাণ জন্মনিয়ন্ত্রণসামগ্রীর ব্যবহার দেখানো হয়েছে, বাস্তবে তা সম্ভব নয়। তদন্তে অনিয়ম প্রমাণিত হয়েছে। মানে ব্যবহার দেখিয়ে জন্মনিয়ন্ত্রণসামগ্রী আত্মসাৎ করা হয়েছে। অন্যান্য স্থানেও এ ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি শুধু আর্থিক দুর্নীতির বিষয় নয়, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমের ওপর এ ধরনের প্রভাব দীর্ঘ মেয়াদে খুবই গুরুতর।২০০৯ সালে জামালপুরের আঞ্চলিক পণ্যাগার থেকে জন্মনিয়ন্ত্রণসামগ্রী চুরির ঘটনার পর দেশের বেশ কিছু আঞ্চলিক ও জেলা পর্যায়ের পণ্যাগারের হিসাব পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু তদন্ত এরই মধ্যে শেষ হয়েছে, অনেক স্থানে অনিয়মের প্রমাণ মিলেছে। নাম প্রকাশ না করার শর্তে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, সব কটি তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে হয়তো সব মিলিয়ে কয়েক কোটি টাকার জন্মনিয়ন্ত্রণসামগ্রী চুরির প্রমাণ মিলবে। জন্মনিয়ন্ত্রণসামগ্রী চুরির পদ্ধতি হচ্ছে, বেশি ব্যবহার দেখিয়ে সরিয়ে ফেলা। ডিপো-প্রোভেরা নামের একটি ইনজেকশন কাজে লাগানো হয় অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে। সরকার এই ইনজেকশনপ্রতি প্রায় ৫১ টাকা দামে কিনে বিনা মূল্যে বিতরণ করে। বেশি ব্যবহার দেখিয়ে এই ইনজেকশন বাইরে বিক্রি করে দেওয়া হয়। ভারত-মিয়ানমারে পাচার হয় বলেও অভিযোগ রয়েছে।আমরা আশা করব, সব কটি তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করবে। এ ক্ষেত্রে কোনো ছাড় বা গাফিলতির সুযোগ নেই। কারণ এটি শুধু কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতির বিষয় নয়। এর সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু জড়িত।