দেশে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পেতে জন্মনিবন্ধন সনদ এখন অনেকটা বাধ্যতামূলক। কিন্তু এই জন্মনিবন্ধনের কার্যক্রম নিয়ে সমালোচনা শেষ নেই। ২০০১ সাল থেকে কার্যক্রম শুরুর ২০ বছর পার হয়ে গেলেও একটি কার্যকর জন্মনিবন্ধনব্যবস্থা তৈরি করা সম্ভব হয়নি। নাগরিক সেবাকে আরও বেশি সহজ করার জন্য যে জন্মসনদ, সেটি পেতেই দুর্ভোগের শিকার হতে হয় মানুষকে। এই সনদ পেতে যে ভোগান্তি, সেটিই প্রমাণ করে, এ দেশে সরকারি দপ্তরগুলোতে সহজে কোনো সেবা পাওয়া যায় না। এ ব্যাপারে সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে প্রায়ই আমরা খবর হতে দেখি।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, জন্মনিবন্ধন সনদের জটিলতায় মাধ্যমিক স্তরে ভর্তির আবেদন করা নিয়ে ভোগান্তিতে পড়েছে বরিশাল নগরের সহস্রাধিক শিক্ষার্থী। গত বুধবার আবেদন করার শেষ সময় হলেও এখনো সিটি করপোরেশন থেকে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে পারেনি অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবক। ফলে এই শিক্ষার্থীদের ভর্তির আবেদন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২২ শিক্ষাবর্ষে মাধ্যমিকে ভর্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন অত্যাবশ্যকীয় করা হয়েছে। এ জন্য বেশ কয়েক দিন ধরে সিটি করপোরেশনে জন্মনিবন্ধন সনদ সংগ্রহের হিড়িক পড়েছে। কিন্তু সার্ভারের জটিলতায় চাহিদামতো নিবন্ধন করতে পারছে না সিটি করপোরেশন।
তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জানিয়েছেন, তাঁরা ভর্তির আবেদন বাড়ানোর ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের সঙ্গে কথা বলেছেন। সার্ভারে চাপ পড়ায় কাজ ধীরগতির হয়ে গেছে। বাড়তি সময়ের মধ্যে সবাইকে সনদ বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। তবে জন্মসনদ নিয়ে জটিলতা সারা বছরই কমবেশি লেগে থাকে সেখানে। এ নিয়ে কম বিড়ম্বনায় পড়েন না নাগরিকেরা। আমরা এ অব্যবস্থাপনার শেষ দেখতে চাই।
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, বিয়ের নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, চাকরিতে নিয়োগ, ব্যাংক হিসাব খোলা, গ্যাস-পানি-টেলিফোন-বিদ্যুতের সংযোগ, ট্রেড লাইসেন্স, জমির নিবন্ধনসহ ১৬টি মৌলিক সেবা পেতে জন্মসনদ লাগে। অনেকে ঘুষ দিয়ে বা দালাল ধরেও সঠিক সময়ে জন্মসনদ পান না। ইউপি চেয়ারম্যান বা পৌরসভার মেয়ররা অনেক সময় এ বিষয়ে আন্তরিক হন না। সম্প্রতি যেমনটা আমরা দেখেছি কুয়াকাটা পৌরসভায়। সেখানকার মেয়র-কাউন্সিলররা গোটা কার্যালয় বন্ধ করে কয়েক দিনের আনন্দভ্রমণে যান এবং এতে জন্মসনদ পেতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমরা বলতে চাই, জন্মসনদ পেতে নাগরিকের ভোগান্তি দূর করুন। স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্য সনদ পেতে কার্যকর ব্যবস্থা নিন।