‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ বলে যে বাংলা প্রবাদটি আছে, তারই সার্থক রূপায়ণ করিয়ে দেখিয়েছেন পাইকপাড়া-কল্যাণপুরের বাসিন্দারা। তাঁরা এলাকার ১৩টি সড়ক প্রশস্ত করেছেন। আর এই কাজে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান। তবে এখানে হেরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। সবাই মিলে একটি জনহিতকর কাজই করেছেন।
প্রথম আলোর খবর অনুযায়ী এলাকার ১৩টি সড়ক ৮ থেকে ১২ ফুট প্রশস্ত ছিল। ফলে এসব সড়ক দিয়ে যানবাহন চলাচলে এবং পথচারীদের যাতায়াতে খুব সমস্যা হতো। এ অবস্থায় কাউন্সিলর আবদুল মান্নান এলাকাবাসীর সঙ্গে পরামর্শ করেন এবং সড়ক প্রশস্ত করার কাজে সবার সহযোগিতা চান। এলাকাবাসী বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে নিজেদের ক্ষতি মেনে নিয়েও সড়ক প্রশস্ত করতে সম্মত হলেন। এভাবে জন–উদ্যোগে এবং সমঝোতার ভিত্তিতে সড়কগুলো প্রশস্ত করার কাজ সম্পন্ন হলো। এতে কারও বাড়ির অংশবিশেষ ভাঙতে হয়েছে, কাউকে-বা আঙিনার জায়গা ছেড়ে দিতে হয়েছে। কিন্তু তাঁরা আপত্তি করেননি।
আমাদের সমাজে যেখানে অবৈধভাবে দখল করা জায়গা বা স্থাপনা ভাঙতে রাজউক কিংবা সিটি করপোরেশনকে বারবার নোটিশ দিতে হয়। অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা সেই নোটিশ আমলেও নেন না। বাধ্য হয়ে কর্তৃপক্ষকে পুলিশ-ম্যাজিস্ট্রেট দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হয়। এ ধরনের খবর হরহামেশাই পত্রিকায় ছাপা হলেও খুব একটা প্রতিকার পাওয়া যায় না। এই বাস্তবতা সত্ত্বেও কল্যাণপুর-পাইকপাড়ার বাসিন্দারা স্বেচ্ছায় নিজেদের জায়গা ছেড়ে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসার দাবি রাখে। স্থানীয় কাউন্সিলরসহ সেখানকার বাসিন্দাদের আমরা ধন্যবাদ জানাই।
তবে এখনো কোনো কোনো সড়কে ভিন্ন ধরনের সমস্যা রয়ে গেছে। সড়ক প্রশস্ত করা হলেও সেখানে বিদ্যুতের খুঁটিগুলো দাঁড়িয়ে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো সরিয়ে নেয়নি। এতে যে উদ্দেশ্যে সড়কগুলো প্রশস্ত করা হয়েছে, সেটি পূরণ হয়নি। সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকলে যানবাহন চলবে কীভাবে? উন্নয়ন বা জনস্বার্থের কল্যাণ একটি সমন্বিত কাজ। সরকারের বিভিন্ন সংস্থা এর সঙ্গে জড়িত। যেকোনো একটির নিষ্ক্রিয়তায় পুরো উদ্যোগটি ভেস্তে যেতে পারে। তাই বিদ্যুৎ বিভাগের কাছে আমাদের দাবি থাকবে, যেন তারা অবিলম্বে সড়কের মাঝখানের খুঁটিগুলো সরিয়ে নেয়।
কেবল কল্যাণপুর-পাইকপাড়া নয়, ঢাকা শহরের আরও অনেক এলাকায় এ ধরনের অপ্রশস্ত সড়ক আছে, যেখান দিয়ে যানবাহন ঠিকমতো চলতে পারে না। পথচারীদের চলাচলেও সমস্যা হয়। আমরা আশা করব, সেসব স্থানের বাসিন্দারাও কল্যাণপুর-পাইকপাড়ার দৃষ্টান্ত অনুসরণ করবেন। আর এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদেরও এগিয়ে আসতে হবে। তাঁদের সত্যিকারভাবে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে হবে।