সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থিত হননি। ৭ ডিসেম্বর তাঁর হাজির থাকার কথা ছিল। কিন্তু কমিটিকে জানানো হয়েছে, ওই তারিখে উপস্থিত হতে তিনি ‘সুপ্রিম কোর্টের’ অনুমতি লাভ করেননি।আমাদের জানামতে, সংসদীয় কমিটিতে সুপ্রিম কোর্টের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর ঘটনা এটাই প্রথম। সুপ্রিম কোর্টের ওই অনুমতি না দেওয়ার বিষয়টি যত দূর বুঝতে পারি, কমিটির মনে কাঁটা বিঁধিয়েছে। যদিও সুরঞ্জিত সেনগুপ্ত এখনো নীরব। কোন নীতির আওতায় প্রায় ২০০ জনকে ডিঙিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ পদে নিয়োগ দিতে হলো, সেটা ৭ ডিসেম্বর আলোচিত হয়নি। আজ কমিটির বৈঠকে হতে পারে। কমিটি সুপ্রিম কোর্টকে দ্বিতীয়বার চিঠি দিয়েছিল।আমরা আশা করছি, সুপ্রিম কোর্ট সংসদীয় কমিটির সামনে হাজির হওয়ার প্রশ্নে সম্ভাব্য স্বাতন্ত্রবোধ-জটিলতা পরিহার করবেন। হাউস অব কমন্সের সংসদীয় কমিটিতে উচ্চ আদালতের বিচারকেরা উপস্থিত হন। গত ২৬ অক্টোবর সকাল ১০টায় ব্রিটিশ প্রধান বিচারপতির সংসদীয় জাস্টিস কমিটিতে বক্তব্য দেওয়ার দিন ধার্য ছিল। কমন্সের ওয়েবসাইটে দেখি, স্যার অ্যালান বেথ এমপির নেতৃত্বে ওই কমিটি গঠিত। এর সামনে প্রধান বিচারপতি ‘লর্ড চিফ জাস্টিসের কার্যক্রম পরীক্ষা’ করার চলমান আলোচনায় অংশ নেবেন। লর্ড চ্যান্সেলর (বিচারমন্ত্রী) এবং লর্ড চিফ জাস্টিস কমিটিতে বক্তব্য দেওয়ার যে নীতি মেনে নিয়েছেন, তা সাধারণভাবে ‘দ্য কনকোরদাত’ হিসেবে পরিচিত। সংসদীয় কমিটির সদস্যরা সাব-জুডিস বিষয়ে বিচারকদের কাছে প্রশ্ন রাখেন না। কিসে সাব-জুডিস হয় আর কিসে হয় না, সে বিষয়ে ২০০১ সালে সিদ্ধান্ত নিয়েছে হাউস অব কমন্স। তাই সংসদীয় কমিটির সামনে ব্রিটিশ উচ্চ আদালতের বিচারকেরা হাজির হন। লিখিত বিবৃতি দেন। সাক্ষ্য দেন। সেখানে কোনোভাবেই নিজেদের মান-মর্যাদা নিয়ে কুণ্ঠিত হওয়ার প্রশ্ন নেই। তবে সংসদীয় ও বিচার বিভাগীয় রীতিনীতি ও শিষ্টাচার অগ্রগণ্য। সাক্ষীদের হাজিরা বলবৎ করা ও দলিলপত্র দাখিল করতে বাধ্য করার ক্ষমতা সংসদের আলবৎ আছে। শুধু বিচার বিভাগ নয়, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকেই সংবিধান দায়মুক্তি দেয়নি। সুতরাং সংসদের এখতিয়ার আছে কি নেই, সে প্রশ্নটি অপ্রয়োজনীয়। আমরা এটা শুনতে অনিচ্ছুক যে সুপ্রিম কোর্ট সংসদীয় কমিটিকে পাশ কাটানোর কোনো উপায় বের করার চেষ্টা করবে। আর কমিটিও নিশ্চয়ই কোর্টের সঙ্গে কুস্তি লড়বে না।ভারপ্রাপ্ত আইনসচিব আনোয়ারুল হকসহ চারজনকে সম্প্রতি অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ-প্রক্রিয়াটিও আপিল বিভাগের ১০ বিচারকের মামলার রায় অনুযায়ী স্বচ্ছ হয়েছে বলে প্রতীয়মান হয় না। বিচার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে এর আগেও মুখ চিনে নিয়োগ দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু তার মাত্রা ছিল। যেমন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, ঢাকার জেলা জজ ও আইনসচিবের মতো পদগুলোতে পারতপক্ষে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হতো না। অবসরপ্রাপ্ত জেলা জজ আফতাব উদ্দিন আহমেদ জ্যেষ্ঠতা লঙ্ঘনের দায়ে হাইকোর্টে রিট করেছিলেন। অধস্তন আদালতের বিচারকদের কাছে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব হওয়ার বিষয়টি পদোন্নতি হিসেবে গণ্য হয়। যদিও তাঁদের সবার পরিচয় জেলা জজ। এটাই তাঁদের সর্বোচ্চ পদ। ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে জেলা জজদের উপসচিব মর্যাদা এখনো বহাল। তাই তাঁদের মনের গহিনে নির্বাহী ঘরানার ওই পদগুলোর প্রতি আকর্ষণ প্রচণ্ড। বিচার বিভাগ পৃথক করার পরও এই দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি।খালেদা জিয়ার প্রথম মেয়াদে জেলা জজ আফতাব আহমেদকে ডিঙানো হয়েছিল। প্রেষণে যুগ্ম সচিব হওয়া তাঁর প্রাপ্য ছিল। টেলিফোনে তিনি আমাকে বলেন, তাঁরা হয়তো আমার চেয়ে চার-পাঁচজনের নিচে ছিলেন। কিন্তু তাতেই তিনি ক্ষুব্ধ হন। রিট করেন। এখন প্রতিবাদের সেই পরিবেশ স্তব্ধ।বিচারপতি নইমউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ ওই রিটে রায় দিয়েছিলেন যে বিচারিক পদগুলোর মতো প্রেষণের পদগুলোতেও একইভাবে পদোন্নতি দিতে হবে। এই একই ভাবটা হলো জ্যেষ্ঠতার নীতি অনুসরণ। অবশ্য আফতাব আহমেদকে ডিঙানোর ঘটনায় সুপ্রিম কোর্টের কোনো দায় ছিল না। কারণ তখনকার আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের পরামর্শই নেয়নি। মাসদার হোসেন মামলার রায়ে ঠিক হয়, সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে হবে। সরকারের সঙ্গে দ্বিমত ঘটলে সুপ্রিম কোর্টের মতই প্রাধান্য পাবে। এই অর্জনের পর অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু গত তিন বছরের অভিজ্ঞতা প্রমাণ দেয়, পরিস্থিতির উন্নতি হয়নি। আঙ্গিকগত ভিন্নতা আছে, তবে অনেক ক্ষেত্রে গুরুতর অবনতিও ঘটেছে। তাই আমরা সংসদীয় বিচার কমিটির নজরদারি চাইছি।বিচার প্রশাসন নিয়ন্ত্রণে আইন ও বিচার মন্ত্রণালয় নিরাপদ নয়। শুধু সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকাও নিরাপদ নয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, ঢাকার জেলা জজ এবং সর্বশেষ আইনসচিব হিসেবে পদায়নে আমরা উদ্বাহু নৃত্য দেখেছি। সারা দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলো নাকি ঘুষ-দুর্নীতির খনি। তাদের নিয়ন্ত্রক হলেন আইজিআর। ঐতিহ্যগতভাবে জ্যেষ্ঠ জেলা জজরা এ পদে নিয়োগ পাচ্ছিলেন। সুপ্রিম কোর্টকে না জানিয়ে এ পদ থেকে মাসদার হোসেনকে উৎখাত করা হয়েছিল। এরপর এই সরকারের আমলে একজন জেলা জজকে যথারীতি সেখানে প্রেষণে পাঠানো হয়। সুপ্রিম কোর্ট অনুমোদন দেন। কিন্তু নাটের গুরুদের জন্য এর তামিল ‘সুবিধাজনক’ ঠেকেনি। তাই বহু মাস সেটা ঝুলছে।আইনসচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদায়ন প্রশ্নে তুঘলকি-ব্যবস্থা অব্যাহত। সুপ্রিম কোর্টের ৪ মে ২০০৯-এর স্মারকপত্রে (৫৯৭৯-এ) আমরা দেখি, ‘বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ও অতিরিক্ত সচিবের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক একমাত্র সিনিয়র যুগ্ম সচিব হিসেবে কর্মরত। এবং তাঁর দীর্ঘদিন সচিবালয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। তাই তাঁকে প্রেষণে অতিরিক্ত সচিব পদে পদায়ন করার মন্ত্রণালয়ের প্রস্তাব সুপ্রিম কোর্ট অনুমোদন করেছে।’ তখন থেকে এতটা সময় তাঁকে ঝুলিয়ে রাখা হলো। বিচারকদের মধ্যে বিভক্তি বা মতদ্বিমত আছে। মনে হচ্ছে সেটা দিয়ে ফায়দা নিয়ে চলেছে বিদ্যমান দ্বৈত শাসনের প্রতিভূরা। এভাবে ঝুলন্ত অবস্থায় রাখলে সবারই যেন কার্যসিদ্ধি সহজ হয়। তাই আবারও নিয়মিত পদোন্নতির প্রশ্ন অমীমাংসিত রেখে আইনসচিব পদে ‘চলতি দায়িত্ব’ দিয়ে নতুন মুখ আনা হয়েছে। যাঁকে নতুন সচিব করা হয়েছে, মেধা তালিকায় তিনি তিরাশির ব্যাচের প্রথম। তাঁকে ওপরে ওঠাতে একাশির ব্যাচের জ্যেষ্ঠ যুগ্ম সচিবকে পাঁকে ফেলতে হলো। কোনো জেলা জজ যুগ্ম সচিব হওয়ার পর সম্ভবত তাঁকে আর মাঠে যেতে হয়নি এতকাল। এবার তাও ঘটল। একাশির ব্যাচের মজনুল আহসানকে আচানক ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য করা হয়েছে। এটা তাঁর জন্য অবমাননাকর। মেধা যদি ভিত্তি হবে, তাহলে কেন আইনসচিব ও অন্যান্য পদের জন্য একটি প্যানেল করা হচ্ছে না। আইনসচিবের ‘চলতি দায়িত্বে’ বসাতে কেন একটি সুষ্ঠু প্রক্রিয়া অনুসরণ করা হলো না। ১৪ ডিসেম্বর দুপুরের পর মজনুল বদলির জিও পান। তাৎক্ষণিকভাবে আইন মন্ত্রণালয় নিয়মিত যুগ্ম সচিব শূন্য হয়ে পড়ে। এর ‘কয়েক মিনিটের’ ব্যবধানে তিরাশির ব্যাচের উপসচিব শহিদুল করিম প্রথমে যুগ্ম সচিব ও পরে সচিবের চলতি দায়িত্ব পান। তার আগে আড়াই দিন আইন মন্ত্রণালয় ছিল আইনসচিববিহীন। প্রশ্ন হলো, কেন জ্যেষ্ঠ বিচারককে বের করে দিয়ে এভাবে কনিষ্ঠকে চুপিসারে গদিনশিন করতে হলো। কেন আইনসচিব পদের জন্য অন্য আগ্রহী জ্যেষ্ঠ জেলা জজরা সন্তুষ্ট হতে পারলেন না যে, তাঁরা আসলে সুষ্ঠু প্রতিযোগিতায় হেরে গেছেন। মেধা ও যোগ্যতা জয়যুক্ত হয়েছে। এখন থেকে এমনই হবে! সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে একজন কনিষ্ঠ বিচারককে বেছে নেওয়ার আকস্মিক প্রক্রিয়া অনেক যথা-অযথা প্রশ্নের জন্ম দেয়। সমতার নীতিতে চুন মেখে মুখ দেখে মেধার লালন মঙ্গলজনক হওয়ার নয়।নোয়াখালীর জেলা জজকে ঢাকার মহানগর দায়রা জজ পদে প্রস্তাব করা হলো। সুপ্রিম কোর্ট তাতে সায় দিলেন। কিন্তু আইন মন্ত্রণালয় তা আটকে দিল। জিও করল না। জিও ইদানীং তুরুপের তাস। ওই ঘটনায় আমরা তা দেখলাম। জিও আটকা থাকতে প্রধান বিচারপতি বদলে গেলেন। ওই বিচারকেরও পদাবনতি ঘটল। এবার তাঁকে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তাব এল। সুপ্রিম কোর্ট তাঁর আগের সিদ্ধান্ত বিস্মৃত হলেন। সন্তুষ্ট মন্ত্রণালয় এবার দ্রুত জিও কার্যকর করল।চট্টগ্রাম জজশিপে এক বিচারকের তিন বছরের বেশি কাটে। তাঁকে ঢাকায় সার্ভিস কমিশনে বদলি করা হয়। কিন্তু তাঁর সেখানে থাকতে সুবিধা। তদবির করেন। কাজ হয়। জিও জারি হয় না। একই জজশিপে আরেক বিচারকের আট মাস কাটে। তাঁকে আইন মন্ত্রণালয় চট্টগ্রামের শূন্য হওয়া সিএমএম পদে নিয়োগের প্রস্তাব করে। কিন্তু সুপ্রিম কোর্ট তাতে সায় দেন না। এখন চট্টগ্রামের ওই সিএমএম পদে অর্থাৎ একই কর্মস্থলে যোগ দেন তিন বছরের বেশি সময় ধরে থাকা ওই বিচারকই।‘জয় বাংলা’ স্লোগান আমাদের জাতিসত্তায় মিশে আছে। কিন্তু এতে এখন দলীয় রং। নির্দলীয় কারও মুখে হঠাৎ শুনলে বেসুরো শোনায়। ওই সম্মেলনে কয়েকজনের মধ্যে বিএনপি আমল পুরোটাই ঢাকায় কাটানো আনোয়ারুল হকের মুখেও ‘জয় বাংলা’ ধ্বনিত হয়। শুনে অনেকেই নাকি মুখ টিপে হেসেছিলেন। তিনি আরও বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের ঢাকায় ফ্রি প্লট বা ফ্ল্যাট দিতে পারেন।’ প্রধানমন্ত্রী এ ধরনের ঘোষণা দিলে তা তাঁর নিজের, সরকারের ও বিচার বিভাগের জন্য বড়ই গ্লানিময় হতো। ভাগ্যিস তিনি দেননি। এমন একজন ব্যক্তিত্ব অতিরিক্ত বিচারক হিসেবে নিশ্চিন্তে শপথ নিলেন।১০ অক্টোবর ২০১০ তারিখের একটি নথি সাক্ষ্য দেয়, সরকার ও সুপ্রিম কোর্ট জেনেশুনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ‘সর্বোচ্চ গুরুত্বপূর্ণ’ সচিব ও অতিরিক্ত সচিবের নিয়মিত পদ ‘অনেক দিন যাবৎ’ শূন্য রেখে চলেছে। এতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ‘প্রত্যাশিত পদোন্নতি’ ঘটছে না, তারও উল্লেখ আমরা দেখতে পাই। আমরা মনে করি, এসব কারণেই বিচার প্রশাসন-সংক্রান্ত বিষয়গুলো সংসদীয় কমিটিতে জানা-বোঝা ও আলোচনার বিরাট সুযোগ রয়েছে। যা চলছে তা চলতে পারে না। একজনকে সরাতে বা ওঠাতে হলে যখন যেমন লাগে, তখন তেমন কথা ব্যবহার করা হয়। আনোয়ারুল হককে অতিরিক্ত সচিব করা হবে। সুতরাং নোটে লেখা হলো, তিনি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও উপসচিব (প্রশাসন) হিসেবে ‘সু-দীর্ঘ’ প্রায় আট বছর কর্মরত ছিলেন। আবার যাঁকে ঢাকা থেকে তাড়াতে হবে, তাঁর তিন বছর অতিক্রান্ত হলেই বলা হবে, ওহ, অমুকের বদলি তো রুটিন। তিন বছর পার হয়েছে। এমনকি আইন মন্ত্রণালয় এ ক্ষেত্রে রং চড়াতে কিছুটা অসত্য তথ্যও সুপ্রিম কোর্টকে দিয়ে থাকে।৪ ডিসেম্বরের লেখায় সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদকে সংসদীয় কমিটিতে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে অনুরোধ রেখেছিলাম। এরপর পানি আরও গড়িয়েছে। তাঁর স্বেচ্ছা অবসরের আবেদন (কার্যত প্রতিবাদপত্র) সরকার সম্প্রতি নাকচ করল। কিন্তু সুপ্রিম কোর্ট আইন দেখালেন। বললেন, অবসরের আবেদন করামাত্রই তা কার্যকর। বন্দুকের নল থেকে যেন গুলি বেরোনো। অথচ সরকারি এক কর্মকর্তাকে জানি। একই আইনের আওতায় তিনি স্বেচ্ছা অবসরের দরখাস্ত দেন। সেটা বাতিল হয়। তিনি চাকরি করছেন। শুনেছি, জনাব ইকতেদারের বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর কার্যালয় এই মুহূর্তে আগ্রহী। ভালো কথা। কিন্তু সেটা করবে কে। সংসদীয় কমিটির করা উচিত, কারণ আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট প্রশাসন উভয়ের গ্রহণযোগ্যতা ম্লান।যাঁরা বিচারপতি হচ্ছেন, তাঁদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই হয় না। সম্প্রতি যে চারজন শপথ নিলেন, তাঁদের জীবনবৃত্তান্ত পড়লে জানা যায় না, বিচারক হিসেবে তাঁরা কেন অধিকতর যোগ্য। এটা বিস্তৃত বলতেই তাঁদের যত শরমিন্দা। কে কয়টি দেশ সফর করেছেন, কার ছেলেমেয়ে কোন স্কুলে পড়ে, কারও মা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কি না, কেউ কোন গ্রন্থাগারে ল্যাপটপ উপঢৌকন দিলেন, সেসবের গল্প আছে। আচ্ছা বলুন, শুনি। কিন্তু আমরা শুধু এসব শুনব কেন। কেন তাঁরা তাঁদের ওকালতি কিংবা জজিয়তি জীবনের আলোকিত অংশ বিস্তারিত প্রকাশ করবেন না। কিংবা তাঁদের কাছে কেন দরকারি তথ্য ও বিবৃতি দাবি করা হবে না।চার অতিরিক্ত বিচারক তাঁদের জীবনবৃত্তান্তে একজনও তেমন কোনো তথ্য দেননি, যাতে আমরা তাঁদের লিগ্যাল অ্যাকুমেন বা ‘তীক্ষ বিচারবুদ্ধি’র পরিচয় পেতে পারি।সুতরাং আমরা দেখতে পাচ্ছি, বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টের তৈরি করা বিধিমালা বাস্তবে কার্যকর হচ্ছে না। অথবা কীভাবে কতটা কার্যকর হচ্ছে, তা আমজনতা ছাড়াও বার ও বেঞ্চের সংশ্লিষ্ট মহলের কাছেও স্পষ্ট নয়। প্রধান বিচারপতি চাইলে উচ্চ আদালতের বিচারক নিয়োগ এবং নিম্ন আদালতের বিচারকদের কর্মস্থল নির্ধারণের প্রক্রিয়া সংসদীয় কমিটির সঙ্গে আলোচনা করতে পারেন। এতে যে বা যারাই বাধা হোক না কেন, আমরা মনে করি না যে সংবিধান পথ আগলে দাঁড়াবে। বরং ৯৫(২) গ অনুচ্ছেদের ম্যান্ডেট তেমনই।সংসদ ও বিচার বিভাগের মধ্যে একটি নতুন সেতুবন্ধ গড়ে তোলা সময়ের দাবি বলে মনে করি। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। আমরা চার দশক ধরে বিচার বিভাগের স্বাধীনতা কিংবা তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে মন্ত্রীদের কাছ থেকেই শুনতে অভ্যস্ত। সংসদে বিচার বিভাগ নিয়ে আলোচনা বলতে আমাদের সামনে যে চিত্রটি ভেসে ওঠে, তাতে আমরা সন্তুষ্ট হতে পারি না। প্রয়োজনে নির্দিষ্টভাবে বিচার বিভাগ-সংক্রান্ত সংসদীয় কমিটি বা উপকমিটি হতে পারে।মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]