শিক্ষিকাকে লাঞ্ছনা করেছে এক ছাত্রলীগ নেতা, আর সেই নেতাকে পুলিশে সোপর্দ করার পরও তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। নানা অঘটনে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সখ্যটা নতুন নয়, তবে গত রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর খবর অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আরজ মিয়া। শিক্ষিকার অভিযোগ, বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে আরজ মিয়া তাঁর পথরোধ করে এবং একপর্যায়ে ওই ছাত্রলীগ নেতা তাঁকে চড় মারেন, গায়ের কাপড় ধরে টানাটানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর পাল্টা হিসেবে শিক্ষিকা নিজেও আরজ মিয়াকে চড় মারেন এবং কলার চেপে তাঁকে প্রক্টরের অফিসে নিয়ে আসেন। এরপর ভারপ্রাপ্ত প্রক্টর আরজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন।
জগন্নাথে ছাত্রলীগ নেতা বহিষ্কার, বাধ্যতামূলক ছুটিতে শিক্ষকএটা করে তিনি আইনের প্রতি যথাযথ সম্মান দেখিয়েছেন। কিন্তু কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি অস্বীকার করে বলেছেন যে আরজ মিয়াকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি। আবার আরজ মিয়া পালিয়ে গেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
কোতোয়ালি থানার পুলিশই আরজ মিয়াকে ছেড়ে দিয়েছে বা পালাতে সাহায্য করেছে, সেটা পরিষ্কার। ভারপ্রাপ্ত প্রক্টর অভিযুক্ত আরজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর পুলিশের গাড়িতে বসা অবস্থায় তাঁর ছবি এক ছাত্র মোবাইল ফোনে তুলেছেন এবং সেটি ডেইলি স্টার পত্রিকায় ছাপাও হয়েছে। এমন ঘটনার পর কোতোয়ালি থানার এসআই রফিকুল ইসলামের চাকরি থাকে কী করে?। পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়।
অভিযুক্ত আরজ মিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি হয়েছে। আশা করব, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষিকা লাঞ্ছনাকারী কথিত ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।