জমি ও বন রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট বানাতে উজাড় হচ্ছে কৃষিজমির উর্বর মাটি, কাঠ পোড়াতে বিরান হচ্ছে গাছ, বায়ুদূষণে হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। অথচ আইনের প্রয়োগ তেমন দৃশ্যমান নয়।
কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় আইন ভেঙে বছরে পোড়ানো হচ্ছে ১ কোটি ১৯ লাখ মণ কাঠ (প্রথম আলো, ৮ ফেব্রুয়ারি, ২০১৭)। পরিবেশবাদী সংস্থা বেলার দেওয়া এক বছর আগের তথ্য আরও ভয়ানক। ওই সময়ে সরকারিভাবে দেশে ইটভাটার সংখ্যা ছিল ৬ হাজার ৯৩০টি। এসব ভাটায় পুড়েছে ১২৭ কোটি ঘনফুট মাটি, যার বেশির ভাগই কৃষিজমির উপরিভাগ (টপ সয়েল) থেকে সংগৃহীত। মাটির এ অংশটিই সবচেয়ে উর্বর। এই খাতে বছরে ২২ লাখ টন কয়লা ও ১৯ লাখ টন জ্বালানি কাঠ পোড়ানো হয়। এই খাত দেশের পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বড় উত্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, বায়ুদূষণের কারণে মৃত্যুতে বাংলাদেশ বিশ্বের এক নম্বরে!
ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী কৃষিজমি বা পাহাড় বা টিলা অথবা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত মজা পুকুর বা খাল বা বিল বা খাঁড়ি বা দিঘি বা নদ-নদী বা হাওর-বাঁওড় বা চরাঞ্চল বা পতিত জায়গার মাটি ব্যবহার নিষিদ্ধ। জনবসতি, কৃষিজমি, বন ও জলাভূমির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনও বেআইনি। এমনকি উপজেলা বা ইউনিয়ন বা গ্রামীণ সড়কে ভারী যানবাহনে ইট বা ইটের কাঁচামাল পরিবহন করাও অপরাধ বলে গণ্য হবে।
বাস্তবে অধিকাংশ ইটভাটার মাটিই কৃষিজমিজাত এবং সেগুলো আইনত নিষিদ্ধ এলাকায় স্থাপিত এবং জ্বালানি হিসেবে কাঠ ও নিম্নমানের কয়লাই তারা ব্যবহার করে। জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত, পরিবেশ আদালত বা স্পেশাল ম্যাজিস্ট্রেটের আদালতে আইন অমান্যকারীদের শাস্তির ব্যবস্থা করার কথা। কিন্তু না জেলা প্রশাসন, না পরিবেশ দপ্তর, না সরকারের অন্য কোনো বিভাগ—কেউই মৌসুমি অভিযানের বাইরে সারা বছর তেমন সক্রিয় বলে মনে হয় না।
ইট তৈরিতে মাটির বালু, সিমেন্টসহ আরও বিকল্প রয়েছে। সরকার ও ইট ব্যবসায়ীদের উচিত যৌথভাবে পরিবেশসম্মত বিকল্পের প্রয়োগে একসঙ্গে কাজ করা। তার আগে আইনের কঠোর প্রয়োগের দায় এড়ানো হবে আত্মঘাতী।