জমির বন্দোবস্ত বাতিল করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্লোল গৃহনির্মাণ সমিতি নামে একটি বেসরকারি সংস্থা চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকায় দুই মাস ধরে শতাধিক শ্রমিক লাগিয়ে টিলা ও পাহাড় কেটে বিরাট অংশ সমতল করে ফেলেছে। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই বেআইনি কাজ বন্ধ করতে কেউ এগিয়ে যায়নি। এখনো তারা পাহাড় কেটে চলেছে। এ বিষয়ে শনিবারের প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত একটি প্রতিবেদনে এই অপকর্মের সচিত্র বর্ণনা রয়েছে।
প্রথম প্রশ্ন হলো, চট্টগ্রামের জেলা প্রশাসন একটি গৃহনির্মাণ সমিতিকে কেন টিলা-পাহাড় বন্দোবস্ত দিয়েছে? প্রশাসনের কি জানা নেই যে টিলা-পাহাড় কাটা পরিবেশ আইন অনুযায়ী অপরাধ? দ্বিতীয়ত, দুই মাস ধরে সেখানে যে টিলা-পাহাড় কাটা চলছে, অর্থাৎ একটা বেআইনি কাজ করা হচ্ছে, তা দেখারও কি কেউ নেই? টিলা-পাহাড়ের বিরাট অংশ কেটে সমতল করার পরে পরিবেশ অধিদপ্তর পুলিশ নিয়ে গিয়ে সেখানে কর্মরত চার শ্রমিককে আটক করল, যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের কী দোষ? যারা তাঁদের এই বেআইনি কাজে নিয়োগ করেছে, তাদের বিরুদ্ধে কেন আগেই পদক্ষেপ নেওয়া হয়নি? কেন টিলা-পাহাড় কাটা শুরুর সঙ্গে সঙ্গে তাদের থামানো হয়নি? ইতিমধ্যে ক্ষতি তো অনেক হয়ে গেছে।
পরিবেশ অধিদপ্তর ওই সমিতির বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু এই মুহূর্তের জরুরি কাজ টিলা-পাহাড় কাটার কাজ বন্ধ করা। পরিবেশের এই বিরাট ক্ষতির জন্য যারা দায়ী, তাদের আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াও প্রয়োজন, যাতে এ ধরনের প্রবণতা বন্ধ হয়।
সবচেয়ে জরুরি কাজ ওই সমিতিকে দেওয়া জমির বন্দোবস্ত বাতিল করা। কারণ, বন্দোবস্ত বহাল থাকলে গৃহনির্মাণ সমিতিটি সেখানে আবাসন গড়ে তোলার উদ্দেশ্যে আবারও টিলা-পাহাড় কাটবে, কেননা গৃহনির্মাণই তাদের কাজ। সেই সঙ্গে জমি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের সুবিবেচনা অত্যন্ত প্রয়োজন। পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশসংক্রান্ত আইন লঙ্ঘন করে কোনো স্থাপনা নির্মাণের সম্ভাবনা আছে, এমন ক্ষেত্রে জমি বন্দোবস্ত দেওয়া উচিত নয়।