জরাজীর্ণ ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলায় জীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদানের যে খবরটি প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা খুবই উদ্বেগজনক। খবরটি জেলা ও উপজেলা শিক্ষা অফিসগুলোর গাফিলতি এবং বিদ্যালয় ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মকেই তুলে ধরছে।

বুধবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, জেলার ৭৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫১টি বিদ্যালয় ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে ১৫টি বিদ্যালয় ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এসব ভবনে কোনোটির ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে পড়েছে। কোনোটির আবার দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। কোনোটির একটু বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এরপরও এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে।

প্রশ্ন হচ্ছে, ঝুঁকিপূর্ণ বা পরিত্যক্ত ঘোষণা করার পর কী করে এসব ভবনে পাঠদান করা হচ্ছে? এসব দেখার দায়িত্ব জেলা ও উপজেলা শিক্ষা অফিসের। তারা তাহলে কী করছে? ভবনগুলো সংস্কার বা নতুন করে ভবন নির্মাণ বা বিকল্প ব্যবস্থায় পাঠদানের কোনো উদ্যোগ নেই কেন তাদের?

৫ এপ্রিল বরগুনার আমতলী উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ভবনের ছাদের পলেস্তারা খসে এক ছাত্রী নিহত ও দশজন আহত হয়। এ ঘটনার দায় কি জেলা শিক্ষা বা উপজেলা শিক্ষা অফিস এড়াতে পারবে? পত্রপত্রিকার খবর অনুযায়ী, ২০১৬ সালে স্কুলভবনটিকে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তখনই যদি নতুন করে ভবন নির্মাণের উদ্যোগ তারা নিত, তাহলে এই হতাহতের ঘটনা ঘটত না।

প্রথম আলোর খবর অনুযায়ী, বরগুনার যেসব স্কুলভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, সেগুলো ১৯৯৪-২০০২ সালের মধ্যে নির্মাণ করা হয়। এর বেশির ভাগই নির্মাণের কয়েক বছরের মধ্যে জরাজীর্ণ হয়ে পড়ে। ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিমে ফাটল ধরে নির্মাণের পাঁচ বছরের মধ্যেই। এর অর্থ হচ্ছে, এসব ভবন নির্মাণে নিশ্চিতভাবেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের দায়িত্ব পালন করে এলজিইডি। বরাদ্দ আসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে। মানসম্মত নির্মাণকাজ হচ্ছে কি না, তা দেখার জন্য মন্ত্রণালয়ের কার্যকর কোনো ব্যবস্থা নেই। যে মন্ত্রণালয়ের নিজস্ব প্রকৌশল বিভাগ নেই, তাদের পক্ষে মান যাচাই করা যে সম্ভব নয়, তা সহজেই অনুমেয়। আর এরই সুযোগ নিচ্ছে ভবন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে। তাদের দুর্নীতি আর অনিয়মের কারণে আজ শুধু বরগুনার নয়, সারা দেশের অনেক স্থানের অনেক প্রাথমিক বিদ্যালয় ভবনের এই জরাজীর্ণ দশা।

আমরা চাই সরকার এ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করুক। বিদ্যালয় ভবন নির্মাণে দুর্নীতি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।