নারীদের জরায়ুমুখের ক্যানসার নিয়ে সম্প্রতি এক গোলটেবিল বৈঠকে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার যেসব তথ্য প্রকাশ করেছে, তা সত্যিই উদ্বেগের। আন্তর্জাতিক সংস্থাটির তথ্যমতে, বাংলাদেশে প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত। বাংলাদেশের নারীদের ক্যানসারজনিত মৃত্যুর প্রায় ১৬ শতাংশই ঘটছে জরায়ুমুখ ক্যানসারের কারণে। আর এ মৃত্যুর পেছনে বড় ভূমিকা রাখছে নারীর লজ্জা এবং পরিবারের অবহেলা!
শুধু লজ্জা আর পরিবারের অবহেলার কারণে জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হয়ে নারীর মারা যাওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। এ বিষয়ে এখনই সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। জরায়ু নারীর প্রধান প্রজনন অঙ্গ। নারী গর্ভধারণের পর এই জরায়ুর ভেতরেই শিশু বিকশিত হয়। চিকিৎসকদের মতে, যেকোনো বয়সেই নারীদের জরায়ুর ক্যানসার হতে পারে। তবে ৫০ বছর কিংবা এর থেকেও বেশি বয়সের নারীরা জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন বেশি। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এ রোগের নিরাময় সম্ভব।
জরায়ু ক্যানসারের বেশ কিছু লক্ষণ রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, নারীদের বেশির ভাগই এসব লক্ষণ সম্পর্কে জানেন না। লজ্জা কিংবা পরিবারের অবহেলা ছাড়াও রোগের লক্ষণ না জানার কারণেও নারীরা জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আসলে নারীদের বুঝতে হবে, স্তন অথবা জরায়ু লজ্জার কোনো বিষয় নয়। এ দুটি অঙ্গে কোনো সমস্যা দেখা দিলে তা নিয়ে কথা বলতে হবে। পরিবারের পুরুষ সদস্যদেরও এ ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। নারীর সুবিধা-অসুবিধার দিকে নজর রাখা এবং নারীরা যাতে তাদের এ ধরনের অসুস্থতা নিয়ে কথা বলতে বিব্রত না হন, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।
এ ব্যাপারে সরকারের দায়িত্ব হচ্ছে নারীর জরায়ুমুখের ক্যানসার বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো। লক্ষণগুলো সাধারণ মানুষকে বলতে হবে। বাল্যবিবাহ জরায়ুমুখের ক্যানসারের একটি বড় কারণ। এ জন্য বাল্যবিবাহ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা বের হয়েছে। সরকারিভাবে এসব টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।