জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান বিমানবন্দর। প্রতিদিন দেশি-বিদেশি প্রায় ১৩ হাজার যাত্রী আসা-যাওয়া করেন এই বিমানবন্দর দিয়ে। অথচ এই বিমানবন্দরে মশার কামড়ে অতিষ্ঠ হতে হয় যাত্রীদের।
১৩ মার্চ প্রথম আলোয় প্রকাশিত এ-সংক্রান্ত খবরে জানা যায়, ১ হাজার ৯৮১ একর আয়তনের এই বিমানবন্দর এলাকার প্রায় অর্ধেক জায়গাজুড়ে আছে ছোট-বড় জলাশয়। মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পাঁচ মাস বৃষ্টির কারণে এই জলাশয়গুলো পানিতে ভরে যায়। বর্ষা চলে যাওয়ার পর শুষ্ক মৌসুমে এসব জলাশয়ে অল্প পানি জমে থাকে। এ সময় সেখানে মশার বিস্তার ঘটে। এসব মশাই বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় ঢুকে পড়ে। এমনকি উড়োজাহাজের ভেতরেও। মশার কামড় থেকে বাদ যান না যাত্রী, বৈমানিক বা স্টুয়ার্ড কেউই। একটি আন্তর্জাতিক বিমানবন্দরের এই দশা!
শুধু বিমানবন্দর নয়, ঢাকা শহরেও যে মশা তাদের রাজত্ব কায়েম করতে পেরেছে এর মূলে রয়েছে মশা নিধন নিয়ে সমন্বয়হীনতা। রাজধানীর মশা নিধনের দায়িত্ব ঢাকার দুই সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঢাকা মশক নিবারণী দপ্তরের। মূলত মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে মশক নিবারণী দপ্তর। কিন্তু তারা মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। ফলে রাজধানীজুড়েই বাড়ছে মশার উপদ্রব। তবে হজরত শাহজালাল বিমানবন্দরের মশা নিধনের দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। বাইরের একটি কোম্পানিকে এ কাজটি দিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছে, বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণ করা হলেও আশপাশ থেকে মশা সেখানে হাজির হচ্ছে।
বিমানবন্দর এলাকাসহ রাজধানী ঢাকার মশা নিয়ন্ত্রণ করতে হলে একটি সামগ্রিক ও সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। মশার বংশবিস্তার যাতে আর না ঘটে, সে জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে যেমন বিমানবন্দর ও আশপাশের এলাকা
পরিচ্ছন্ন রাখতে হবে, তেমনি উত্তর সিটি করপোরেশনকে উত্তরা এলাকাকে মশামুক্ত করতে হবে।