জলবায়ু সম্মেলনের অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেরুর রাজধানী লিমায় সদ্য সমাপ্ত বিশ্ব জলবায়ু সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত ‘লিমা কল ফর ক্লাইমেট অ্যাকশন’কে কেউ কেউ যুগান্তকারী বলছেন। কারণ, এর আগে পর্যন্ত কার্বন নিঃসরণের মাত্রা কমানোর দায়িত্ব পড়েছিল শুধু শিল্পোন্নত দেশগুলোর ওপর, আর এবার এ দায়িত্ব নিতে শিল্পোন্নত ও উন্নয়নশীল—সব দেশই সম্মত হয়েছে। এটাকে নিঃসন্দেহে বলা যায় এক ধাপ অগ্রগতি, অন্তত চেতনার দিক থেকে। কারণ, এর মধ্য দিয়ে স্বীকার করে নেওয়া হলো যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কার্বন নিঃসরণের মাত্রা কমানোর দায়িত্ব আর্থিক অবস্থানির্বিশেষে সব দেশের; এটা গোটা মানবজাতির সমস্যা।
কিন্তু উপলব্ধির দিক থেকে এই অগ্রগতির আশু কোনো সুফল ফলার সম্ভাবনা লিমায় দেখা দেয়নি। কারণ, কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে কোনো ধরনের আইনি বাধ্যবাধকতার ব্যবস্থা করা হয়নি। ফলে ২০২০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা জাতিসংঘ ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা সৃষ্টি হয়নি।
রাষ্ট্রগুলোর নির্ধারিত নিঃসরণ মাত্রার তুলনামূলক সমীক্ষা প্রস্তুত করার পক্ষে একটি প্রস্তাব লিমা সম্মেলনে নাকচ হয়ে গেছে চীন ও ভারতসহ দ্রুত অগ্রসরমাণ কয়েকটি দেশের আপত্তির কারণে। আসলে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব, কারণ এ ধরনের দেশগুলোই এখন সর্বাধিক মাত্রায় কার্বন নিঃসরণ ঘটাচ্ছে। দ্রুত প্রবৃদ্ধি অর্জনের তাড়নায় প্রাকৃতিক পরিবেশের ক্ষয়ক্ষতির বিষয়গুলো তারা উপেক্ষা করে চলেছে।
কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার আহ্বানকোন দেশ কী মাত্রায় কার্বন নিঃসরণ করতে পারবে, এ ব্যাপারে কোনো আইনি বাধ্যবাধকতা সৃষ্টি না করে প্রতিটি দেশের ‘নিজস্ব বাস্তবতার নিরিখে’ নিজেদেরই নির্ধারণ করার সুযোগ রেখে দেওয়ার ফলে লিমা সম্মেলন নিয়ে অনেক বিশেষজ্ঞ সংগতভাবেই হতাশা ব্যক্ত করেছেন। এ রকম ‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সংকটকে দ্রুতই জটিলতর করে তুলবে। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে আইনি বাধ্যবাধকতার ব্যবস্থা যাতে করা যায়, সেদিকেই মনোযোগী হওয়া জরুরি।