ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের সময় দুদেশের মধ্যে বিদ্যুৎ ও বাণিজ্য সহযোগিতার বিষয় দুটি গুরুত্ব পেয়েছে। ভুটানে অন্তত ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন। বর্তমানে সেখানে ভারতের সহযোগিতায় পাঁচটি বিদ্যুৎকেন্দ্রে ১৪৮৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যার অংশ ভারত পায়। জলবিদ্যুৎ উৎপাদন–প্রক্রিয়ায় বাংলাদেশকে অংশীদার হিসেবে বিবেচনার অনুরোধ যদি ভুটানের অনুমোদন পায়, তাহলে বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সে ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা দরকার।
বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও একই প্রশ্ন। বর্তমানে ভুটান থেকে বাংলাদেশ ১৭৫ কোটি টাকার সমমানের পণ্য আমদানি করে, বিপরীতে মাত্র ২০ কোটি টাকার সমমানের পণ্য রপ্তানি করে। অথচ বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সিরামিক, ওষুধ, পাট ও চামড়াজাত পণ্য, প্রসাধনসামগ্রীসহ অনেক পণ্য ভুটানে রপ্তানি করা যায়। ভুটানে এসব পণ্যের চাহিদা রয়েছে। প্রকৃতপক্ষে ভুটানের সঙ্গে বাণিজ্য ঘাটতি থাকার কথা নয়। যেহেতু ভুটানের রপ্তানিসামগ্রী তাদের ট্রাকে সরাসরি বাংলাদেশ সীমান্ত পর্যন্ত আসতে পারে, তাই তাদের রপ্তানি সুবিধা বেশি। বাংলাদেশের রপ্তানি বাড়াতে হলে ভারতের ভূখণ্ড ব্যবহারের বিশেষ সুবিধা প্রয়োজন।
বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশেষ সহযোগিতা দিয়েছে। ভারী যন্ত্রপাতি পরিবহনে বাংলাদেশ করিডর দিয়ে দুদেশের বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানির বিশেষ সুযোগ পাচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের এই পটভূমিতে ভুটানের সঙ্গে বিদ্যুৎ ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়টি নিঃসন্দেহে নতুন মাত্রা সংযোজন করবে।
জলবিদ্যুৎ সবুজ শক্তি (গ্রিন এনার্জি) হওয়ায় বিশ্বে এর চাহিদা খুব বেশি। ভুটানের খরস্রোতা পার্বত্য নদীগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত সহায়ক। সহজে বিদ্যুৎ উৎপাদনের এই সুযোগ কাজে লাগানোর জন্য বাংলাদেশ ভুটানের অংশীদার হলে দুই দেশই লাভবান হবে। দক্ষিণ এশিয়ার বিশাল প্রান্তরে আগামী দিনগুলোতে বিদ্যুতের চাহিদা পূরণের জন্য ভারত-নেপাল-ভুটান-বাংলাদেশের চতুর্মাত্রিক আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই। আমাদের সেই দূরদৃষ্টি নিয়ে অগ্রসর হতে হবে।