গত শুক্রবার সকালে কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাই-অ্যাশ বহনকারী এক ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষের ফলে ট্যাংকারের তলা ফেটে সাড়ে ১৮ হাজার লিটারের বেশি ডিজেল নদীর পানিতে ছড়িয়ে পড়ে। ট্যাংকারটিতে যমুনা অয়েল কোম্পানির প্রায় ১৪ লাখ ডিজেল ও পেট্রল বহন করা হচ্ছিল। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ট্যাংকারের ক্ষতিগ্রস্ত অংশের ডিজেল অন্য চেম্বারে সরিয়ে নেওয়া হয়েছিল বলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। নইলে কীর্তনখোলা নদীর ওই অংশের পানিতে কয়েক লাখ টন ডিজেল ছড়িয়ে পড়ে পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারত।
লক্ষণীয় বিষয় হলো এই দুর্ঘটনার পরও নদীর পানি দূষণমুক্ত করার কাজটি করেছে স্থানীয় জনসাধারণ, সরকারি কোনো কর্তৃপক্ষ এ কাজে এগিয়ে আসেনি। এর আগেও আমরা এমনটা দেখেছি, ২০১৪ সালের ডিসেম্বরে সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যালা নদীতে তেলের ট্যাংকার ডুবে বিপুল পরিমাণ তেল নদীতে পড়লে স্থানীয় জনগণই তা পরিষ্কার করেছিল, যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল।
এর অর্থ জলপথে এ ধরনের দুর্ঘটনায় সম্ভাব্য পরিবেশগত ক্ষয়ক্ষতি এড়ানো বা ঠেকানোর পর্যাপ্ত পেশাদারি ও কারিগরি প্রস্তুতি আমাদের সরকারি কর্তৃপক্ষের নেই। আমাদের অতি সৌভাগ্য যে দুর্ঘটনাকবলিত ট্যাংকারটি থেকে কয়েক লাখ টন
তেল নদীর পানিতে ছড়িয়ে পড়েনি, কিংবা এক হাজার টনের বেশি ফ্লাই-অ্যাশসুদ্ধ কার্গোটি নদীতে ডুবে যায়নি। কিন্তু এবার ঘটেনি বলে ভবিষ্যতে ঘটবে না, এমন কথা বলা যায় না।
জলপথে যেহেতু বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য পরিবহন হয় এবং সেসব পণ্যের মধ্যে প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিক, খনিজ ও অন্যান্য পদার্থ থাকে, সেহেতু জলযান দুর্ঘটনার সম্ভাব্য বিপদ-আপদ সম্পর্কে উদাসীন থাকার
কোনো সুযোগ নেই। প্রথমত, জলপথে দুর্ঘটনার ঝুঁকি কমানোর উদ্যোগ নিতে হবে; দ্বিতীয়ত, বাণিজ্যিক পণ্যবাহী জলযান দুর্ঘটনাকে প্রাকৃতিক পরিবেশের হুমকি বিবেচনা করে তা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক, কারিগরি ও পেশাদারি প্রস্তুতি নিতে হবে।